❐ জেলা প্রতিনিধি
ফেনীর দাগনভূঞা থানার পুকুর থেকে পরিত্যক্ত অবস্থায় ২১৯ রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল সকালে ওই পুকুরে সেচ দিয়ে তল্লাশি চালিয়ে এসব গুলি পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, ২০২৪ সালের ৫ই আগস্টে থানা লুটের সময় পুকুরে গুলি ফেলে যায় জুলাই দাঙ্গাকারী সন্ত্রাসীরা।
পুলিশ সূত্রে জানা গেছে, ৫ আগস্টের পট-পরিবর্তানের দিনে দেশের বিভিন্ন থানার মতো দাগনভূঞা থানাতেও হামলা ও লুট করে স্থানীয় বিএনপি-জামায়াতের সশস্ত্র সন্ত্রাসীরা। ওই সময় পুলিশের বেশ কিছু অস্ত্র ও গোলাবারুদ খোয়া যায়। দীর্ঘদিন পর গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে, খোয়া যাওয়া কিছু সরঞ্জাম থানার পুকুরেই থাকতে পারে।
পরে সিনিয়র সহকারী পুলিশ সুপার (সোনাগাজী সার্কেল) সৈয়দ মুমিদ রায়হান এবং দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ (ওসি) ফয়জুল আজিম নোমানের উপস্থিতিতে পুকুরে সেচ কাজ শুরু হয়। পানি শুকিয়ে ফেলার পর কাদার মধ্যে তল্লাশি চালিয়ে শটগানের ২১৯টি কার্তুজ পাওয়া যায়।
সিনিয়র সহকারী পুলিশ সুপার সৈয়দ মুমিদ রায়হান বলেন, আমরা একটি সোর্সের মাধ্যমে নিশ্চিত হই যে লুট হওয়া কিছু সরঞ্জাম এই পুকুরে থাকতে পারে। সেই তথ্যের ভিত্তিতে সেচ দিয়ে তল্লাশি চালিয়ে অক্ষত অবস্থায় কার্তুজগুলো পাওয়া যায়।
দাগনভূঞা থানার ওসি ফয়জুল আজিম নোমান জানান, উদ্ধারকৃত প্রতিটি কার্তুজের গায়ে ‘বাংলাদেশ পুলিশ’ লেখা রয়েছে। ৫ই আগস্টে থানার ৩৬৫টি গুলি লুট হয়, যার মধ্যে সেচ দিয়ে এখন ২১৯টি উদ্ধার করা হয়েছে। পুকুরে আরও কোনো অস্ত্র বা গোলাবারুদ আছে কি না, তা নিশ্চিত করতে তল্লাশি অভিযান অব্যাহত রাখা হয়েছে।
উদ্ধারকৃত কার্তুজগুলো বর্তমানে থানা হেফাজতে রয়েছে।
