ভিনিসিউসের প্রতি বর্ণবাদী আচরণ: উয়েফাকে তথ্য-প্রমাণ দিল রিয়াল মাদ্রিদ

ভিনিসিউসের প্রতি বর্ণবাদী আচরণ: উয়েফাকে তথ্য-প্রমাণ দিল রিয়াল মাদ্রিদ
শেয়ার করুন

বেনফিকার আর্জেন্টাইন উইঙ্গার জিয়ানলুকা প্রেস্তিয়ান্নির বিরুদ্ধে ফরোয়ার্ড ভিনিসিউস জুনিয়রকে বর্ণবাদী গালি দেওয়ার যে অভিযোগ উঠেছে, তার সপক্ষে উয়েফার কাছে তথ্য-প্রমাণ জমা দিয়েছে রিয়াল মাদ্রিদ। গত মঙ্গলবার পর্তুগালের ক্লাবটির বিপক্ষে ১-০ গোলে জয়ের ম্যাচে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে বলে বৃহস্পতিবার জানিয়েছে স্প্যানিশ ক্লাবটি।

চ্যাম্পিয়ন্স লিগ প্লে-অফের প্রথম লেগের সেই ম্যাচে দ্বিতীয়ার্ধের পাঁচ মিনিটের মাথায় গোল করেন ভিনিসিউস। এর কিছুক্ষণ পরই তিনি প্রেস্তিয়ান্নির বিরুদ্ধে বর্ণবাদী আচরণের অভিযোগ আনলে ম্যাচটি ১১ মিনিটের জন্য স্থগিত রাখা হয়।

অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছেন প্রেস্তিয়ান্নি। তার দাবি, ভিনিসিউস যা শুনেছেন তা ‘ভুল বুঝেছেন’। বেনফিকাও তাদের উইঙ্গারের পাশেই দাঁড়িয়েছে। এর মাঝেই ঘটনাটি তদন্তের জন্য একজন নীতি ও শৃঙ্খলা পরিদর্শক নিয়োগ দিয়েছে উয়েফা।

এক বিবৃতিতে রিয়াল মাদ্রিদ জানায়, ‘রিয়াল মাদ্রিদ সি.এফ. ঘোষণা করছে যে, গত মঙ্গলবার ঘটা ঘটনার যাবতীয় তথ্য-প্রমাণ আজ উয়েফার কাছে হস্তান্তর করা হয়েছে।’
ঘটনার পর থেকে ভিনিসিউস যে সমর্থন পাচ্ছেন, তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে ক্লাবটি। রিয়াল আরও যোগ করেছে, ‘ক্রীড়াঙ্গন ও সমাজ থেকে বর্ণবাদ, সহিংসতা ও ঘৃণা নির্মূলে সব প্রতিষ্ঠানের সঙ্গে মিলে কাজ করে যাবে রিয়াল মাদ্রিদ।’

আগামী বুধবার দ্বিতীয় লেগের ম্যাচে রিয়ালের মাঠ সফরে আসবে বেনফিকা।

Visited 5 times, 1 visit(s) today