❐ বিডি ডাইজেস্ট ডেস্ক
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছুটির তালিকা প্রকাশ করে প্রজ্ঞাপন জারি করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
তালিকা অনুযায়ী আগামীকাল ১৯শে ফেব্রুয়ারি, বৃহস্পতিবার থেকে আগামী ২৬শে মার্চ, বৃহস্পতিবার পর্যন্ত প্রাথমিক বিদ্যালয়গুলো ছুটিতে থাকবে। শিক্ষার্থীরা ৩৮ দিন ছুটি কাটিয়ে ২৮শে মার্চ, রোববার বিদ্যালয়ে ফিরবে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিগত ৩০শে ডিসেম্বর ২০২৫ তারিখে ৩৮.০০.০০০০.০০৭.০৮.০০২.২০২১-৮৪৬ নং স্মারকে সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহের ২০২৬ সালের (১৪৩২-১৪৩৩ বঙ্গাব্দ) শিক্ষাবর্ষের ছুটির সংশোধিত তালিকা ও শিক্ষাপঞ্জি নিম্নোক্তভাবে মন্ত্রণালয়ের অনুমোদন জ্ঞাপন করা হলো।
এতে আরো বলা হয়েছে, পবিত্র রমজান, শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব, শবেকদর (১৭ই মার্চ), জুমাতুলবিদা (২০শে মার্চ), ঈদুল ফিতর (২১শে মার্চ) উপলক্ষে ১৯শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার থেকে ২৬শে মার্চ (স্বাধীনতা দিবস), বৃহস্পতিবার পর্যন্ত দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে ছুটি থাকবে।
তবে সন্ধ্যার পর ছুটির এমন সংবাদ এবং ছুটির সম্ভাব্য সূচি নিয়ে আজ বিদ্যালয়গুলোতে ছিল না কোনো প্রস্তুতি। ফলে বন্ধের জন্য বাড়ির কাজ কিংবা বন্ধের পরের সূচি সম্পর্কে শিক্ষার্থীদের কোনো ধারণা দেওয়ারও সুযোগ হয়নি। এ নিয়ে অভিভাবকদের মাঝে তীব্র ক্ষোভ দেখা দেয়।
