স্থানীয় সংবাদদাতা
চট্টগ্রামে নেতাকর্মীদের আপাতত ১২ই ফেব্রুয়ারি পর্যন্ত চাঁদাবাজি না করার অনুরোধ জানিয়ে আলোচনায় এসেছেন বিএনপির প্রার্থী সরওয়ার জামাল নিজাম। জাতীয় সংসদ নির্বাচনে তিনি চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
গত শুক্রবার রাত ৯টায় আনোয়ারা উপজেলার চাতরী চৌমুহনী বাজারে তার নির্বাচনী কার্যালয় উদ্বোধনকালে দেওয়া এক বক্তব্যে তিনি নেতাকর্মীদের এ অনুরোধ জানান। পরে ওই বক্তব্যের ৫৫ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে তীব্র সমালোচনার মুখে পড়েন তিনি।
ভিডিওতে ধানের শীষ প্রতীকের এই প্রার্থীকে বলতে শোনা যায়, ‘চাতরী হলো আনোয়ারার প্রাণকেন্দ্র। চাতরী অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা এবং এখানে আর্থিক উপার্জন থেকে মানুষের অর্থনৈতিক অঞ্চল হিসেবে এটার গুরুত্ব অনেক বেশি।
এখানে একটা জিনিস আমি আজকে কিছুক্ষণ আগে আরেকটা অফিস উদ্বোধন করার সময় বলেছি, এখানে বিশেষভাবে চাঁদাবাজি, নৈরাজ্য ও সন্ত্রাস চলছে। আমি অনুরোধ জানাব, আপনারা যারা চাঁদাবাজি করছেন, দুই হাতজোড় করে বলছি, এই ১২ তারিখ পর্যন্ত আপনারা চাঁদাবাজি করবেন না। এবং বিএনপির গায়ে কালিমা লেপনের জন্য কেউ যদি প্রচেষ্টা চালায়, কাউকে ছাড় দেওয়া হবে না।’
ভিডিওটি প্রকাশ্যে এলে স্থানীয় রাজনৈতিক মহলে নানা প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ বক্তব্য দিতে রাজি না হলেও তারা বলছেন, স্থানীয় রাজনৈতিক কর্মীদের এভাবে চাঁদাবাজ বলাটা ভালো হয়নি।
