লক্ষ্মীপুরে ব্যালটের ৬ সিলসহ জামায়াত সমর্থক ব্যবসায়ী আটক

লক্ষ্মীপুরে ব্যালটের ৬ সিলসহ জামায়াত সমর্থক ব্যবসায়ী আটক
শেয়ার করুন

 

জেলা প্রতিনিধি

লক্ষ্মীপুরে অবৈধভাবে তৈরি করা ছয়টি ভোটের সিলসহ সোহেল রানা নামের এক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। অভিযানের সময় সিলগুলোর পাশাপাশি একটি মোবাইল ফোন ও একটি কম্পিউটার জব্দ করা হয়।

আজ ৩রা ফেব্রুয়ারি, মঙ্গলবার বিকেলে শহরের পুরাতন আদালত সড়কের মারইয়াম প্রেস থেকে তাকে আটক করা হয়।

সোহেল রানা সদর উপজেলার টুমচর ইউনিয়নের বাসিন্দা এবং মারইয়াম প্রেসের মালিক বলে জানিয়েছে পুলিশ। তিনি জামায়াতে ইসলামীর সমর্থক বলে জানান স্থানীয়রা।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে সদর থানা পুলিশ মারইয়াম প্রেসে অভিযান চালায়। অভিযানের সময় দোকান থেকে ভোটগ্রহণে ব্যবহৃত ছয়টি সিল উদ্ধার করা হয়।

খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মাহমুদ নাহিদ ঘটনাস্থলে উপস্থিত হন। পরে উদ্ধার করা সিলগুলোসহ একটি মোবাইল ফোন ও একটি কম্পিউটার জব্দ করে আটক ব্যক্তিকে থানায় নিয়ে যাওয়া হয়।

আটক সোহেল রানা পুলিশের কাছে স্বীকার করেন, অর্ডার অনুযায়ী তিনি সিলগুলো তৈরি করেছিলেন। তবে কারা সিল তৈরির নির্দেশ দিয়েছেন, সে বিষয়ে তিনি কোনো তথ্য দেননি।

এ ঘটনায় হাত পাখা প্রতীকে নির্বাচনে অংশগ্রহণকারী ইসলামী আন্দোলন বাংলাদেশ-ইআবা নেতাকর্মীরা ক্ষোভ জানিয়ে বলেন, জামায়াত নির্বাচনে কারচুপির জন্য নীলনকশা করছে। সেজন্যই এই সিল তৈরি করা হয়েছে।

এ বিষয়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মাহমুদ নাহিদ বলেন, কোনো অবস্থাতেই ওই প্রেসে ভোটের সিল তৈরি করা যাবে না। এটি সম্পূর্ণ অবৈধ।

তিনি জানান, এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে নিয়মিত মামলা করা হবে।

অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী। তবে তিনি এ বিষয়ে বিস্তারিত কোনো মন্তব্য করতে রাজি হননি।

Visited 18 times, 1 visit(s) today