বেসরকারি বিনিয়োগের জন্য ভেনেজুয়েলার তেলখাত উন্মুক্ত করতে নতুন আইন অনুমোদন

বেসরকারি বিনিয়োগের জন্য ভেনেজুয়েলার তেলখাত উন্মুক্ত করতে নতুন আইন অনুমোদন
শেয়ার করুন

ভেনেজুয়েলার জাতীয় পরিষদ দেশটির তেল ও গ্যাস খাতে বড় ধরনের নীতিগত পরিবর্তনের অনুমোদন দিয়েছে। নতুন এই আইনের মাধ্যমে দেশি ও বিদেশি বেসরকারি কোম্পানিগুলোকে তেলখাতে আরও স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেওয়া হবে।

আইনটি কার্যকর হলে ভেনেজুয়েলার তেলশিল্পে বিদেশি বিনিয়োগ বাড়বে বলে সরকারের আশা। এখন এটি অন্তর্বর্তী রাষ্ট্রপতির স্বাক্ষরের অপেক্ষায় রয়েছে। স্বাক্ষর সম্পন্ন হলে তেল উত্তোলন, উৎপাদন ও বিক্রিতে বেসরকারি প্রতিষ্ঠানের ভূমিকা আগের তুলনায় অনেক বিস্তৃত হবে।

দীর্ঘদিন ধরে ভেনেজুয়েলার তেলখাত মূলত রাষ্ট্রায়ত্ত কোম্পানি পিডিভিএসএর নিয়ন্ত্রণে ছিল। প্রচলিত ব্যবস্থায় যেকোনো তেল প্রকল্পে এই রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের সংখ্যাগরিষ্ঠ অংশীদারিত্ব বাধ্যতামূলক ছিল, যা বিদেশি বিনিয়োগকারীদের জন্য বড় বাধা হিসেবে দেখা হতো।

বিশ্বে প্রমাণিত তেল মজুদের দিক থেকে ভেনেজুয়েলা শীর্ষে থাকলেও, বছরের পর বছর অব্যবস্থাপনা, অবকাঠামোতে বিনিয়োগের ঘাটতি এবং আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে উৎপাদন ব্যাপকভাবে কমে গেছে। একসময় যারা দেশটিতে কাজ করত, সেই বহু আন্তর্জাতিক তেল কোম্পানি পরে কার্যক্রম গুটিয়ে নেয়। কেউ কেউ এখনো ক্ষতিপূরণ পাওয়ার অপেক্ষায় রয়েছে।

নতুন আইনের আওতায় অনুমোদিত চুক্তির মাধ্যমে বেসরকারি প্রতিষ্ঠানগুলো সরাসরি তেলক্ষেত্র পরিচালনা করতে পারবে। পাশাপাশি রাষ্ট্রায়ত্ত পিডিভিএসএর সঙ্গে যৌথ উদ্যোগে থাকা কোম্পানিগুলো প্রকল্প ব্যবস্থাপনায় বেশি নিয়ন্ত্রণ এবং তেল বিক্রির আয়ে সরাসরি অংশ পাওয়ার সুযোগ পাবে।

জাতীয় পরিষদের নেতৃত্ব আইনটি পাসের পক্ষে যুক্তি তুলে ধরে বলেছেন, ভেনেজুয়েলার অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে বিদেশি বিনিয়োগ জরুরি। আইনপ্রণেতাদের মতে, এই সংস্কার আন্তর্জাতিক কোম্পানিগুলোর আস্থা ফেরাতে সহায়ক হবে।

বিশ্লেষকদের ধারণা, ২০০৬ সালে প্রণীত কড়া রাষ্ট্রনিয়ন্ত্রিত তেল আইনের পর এটি সবচেয়ে বড় নীতিগত পরিবর্তন। এর ফলে ভেনেজুয়েলার তেলখাতে আবারও আন্তর্জাতিক তৎপরতা বাড়তে পারে।

এই আইন অনুমোদনের সময় এমন এক পরিস্থিতি বিরাজ করছে, যখন যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার মধ্যে নিষেধাজ্ঞার আওতায় তেল রপ্তানি নিয়ে আলোচনা চলছে। সরকার আশা করছে, নতুন আইন বাস্তবায়িত হলে উৎপাদন বাড়বে এবং তেল আয় দিয়ে দেশের জরুরি জনসেবামূলক খাতগুলোকে শক্তিশালী করা সম্ভব হবে।

Visited 7 times, 1 visit(s) today