বাংলাদেশকে সমবেদনা জানালো স্কটল্যান্ড

বাংলাদেশকে সমবেদনা জানালো স্কটল্যান্ড
শেয়ার করুন

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের পরিবর্তে জায়গা করে নেওয়ার পর টাইগারদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেছেন ক্রিকেট স্কটল্যান্ডের সিইও ট্রুডি লিন্ডব্লেড। শেষ মুহূর্তে আইসিসির আমন্ত্রণ পেয়ে বিশ্বকাপে যাওয়ার সুযোগ হলেও, এভাবে সুযোগ পাওয়াকে অনভিপ্রেত বলে মন্তব্য করেছেন তিনি।

​সোমবার লিন্ডব্লেড বলেন, ‘বাংলাদেশ দলের প্রতি আমাদের অবশ্যই সহমর্মিতা রয়েছে। স্পষ্টতই, আমরা এভাবে কোনো বিশ্বকাপে যেতে চাইনি। একটি নির্দিষ্ট যোগ্যতা অর্জন প্রক্রিয়া রয়েছে এবং আমরা যেভাবে আমন্ত্রিত হয়েছি, সেভাবে কেউ বিশ্বকাপে অংশগ্রহণ করতে চায় না। আমরা স্বীকার করি যে আমাদের অংশগ্রহণ একটি বিশেষ পরিস্থিতির ফল এবং আমরা বাংলাদেশের খেলোয়াড়দের জন্য সত্যিই দুঃখ অনুভব করছি।’
​’পেছনের দরজা’ দিয়ে সুযোগ পাওয়া নিয়ে সমালোচনার আশঙ্কার বিষয়ে তিনি বলেন, ‘আমি ঠিক এই শব্দগুলো ব্যবহার করব না। মানুষের নিজস্ব মতামত থাকতে পারে এবং সেই অধিকার তাদের আছে। আমরা শুধু জানি যে আমাদের বিশ্বকাপে খেলার আমন্ত্রণ জানানো হয়েছে। আমরা বিশ্ব র‍্যাঙ্কিংয়ের ১৪ নম্বর দল এবং সারা বছর আমরা ধারাবাহিকভাবে ভালো ক্রিকেট খেলি।’

​বাছাইপর্বের ব্যর্থতা কাটিয়ে মূল পর্বে সুযোগ পাওয়া প্রসঙ্গে লিন্ডব্লেড আরও বলেন, ‘বাছাইপর্বে আমরা আমাদের স্বাভাবিক খেলাটা খেলতে পারিনি। তাই এই বিশ্বকাপে সুযোগ পেয়ে আমরা আনন্দিত। যদিও পরিস্থিতি কিছুটা ভিন্ন ও চ্যালেঞ্জিং, তবুও আমরা দলের দায়িত্ব নিতে প্রস্তুত।’

​বিশ্বকাপের প্রস্তুতি নিয়ে তিনি জানান, গত কয়েক দিন ধরে তাদের দপ্তরে দম ফেলার সময় নেই। লিন্ডব্লেডের ভাষায়, ‘ক্রিকেট স্কটল্যান্ডে আমাদের মাত্র ৩০ জনের মতো কর্মী। আমাদের অনূর্ধ্ব-১৯ দল খেলছে, আবার নেপালে নারী দলও বিশ্বকাপের যোগ্যতা অর্জনের লড়াইয়ে আছে। এত কিছুর মাঝে মূল দলকে বিশ্বকাপে পাঠানোর প্রস্তুতি সামলানো আমাদের জন্য বড় চ্যালেঞ্জ।’

​আইসিসির সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আইসিসির সহায়তা ছাড়া এটি সম্ভব হতো না। আমরা প্রায় চব্বিশ ঘণ্টা কাজ করছি। হোয়াটসঅ্যাপ গ্রুপে রাতভর বার্তা আদান-প্রদান চলছে। আমাদের কর্মীরা এখন বিশ্রামহীনভাবে কাজ করে যাচ্ছেন।’

Visited 8 times, 1 visit(s) today