বাংলাদেশের বদলে বিশ্বকাপ খেলবে স্কটল্যান্ড, জানিয়ে দিল আইসিসি

বাংলাদেশের বদলে বিশ্বকাপ খেলবে স্কটল্যান্ড, জানিয়ে দিল আইসিসি
শেয়ার করুন

স্পোর্টস ডেস্ক

আসন্ন আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ থেকে সরিয়ে নেওয়া হয়েছে বাংলাদেশের নাম। নির্ধারিত সূচি অনুযায়ী খেলতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অস্বীকৃতি জানানোয় তাদের পরিবর্তে স্কটল্যান্ডকে টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
​

শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি এই সিদ্ধান্তের কথা জানায়।
​

আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হওয়ার কথা ২০ দলের এই বিশ্বকাপ। এর আগে ভারতে খেলতে যাওয়া নিয়ে নিরাপত্তা শঙ্কা প্রকাশ করে বিসিবি তাদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছিল।
​

তবে আইসিসি তাদের পর্যালোচনায় জানায়, ভারতে বাংলাদেশ জাতীয় দলের জন্য কোনো ‘বিশ্বাসযোগ্য বা যাচাইযোগ্য’ নিরাপত্তা হুমকি নেই। এই প্রেক্ষিতেই বিসিবির দাবি নাকচ করে দিয়ে সূচি অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেয় বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
​

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিসিবির উদ্বেগ নিয়ে গত তিন সপ্তাহ ধরে স্বচ্ছ ও গঠনমূলক আলোচনা চালিয়েছে আইসিসি। ভিডিও কনফারেন্স ও সরাসরি বৈঠকের মাধ্যমে বিসিবি কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন তারা। এমনকি অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক নিরাপত্তা বিশেষজ্ঞদের দিয়েও পরিস্থিতি মূল্যায়ন করা হয়। সেখানে কেন্দ্রীয় ও রাজ্য পর্যায়ে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থার নিশ্চয়তা দেওয়া হয়েছিল।
​

বুধবার আইসিসি বিজনেস কর্পোরেশন (আইবিসি) বোর্ডের সভায় বিসিবিকে ২৪ ঘণ্টার সময় বেঁধে দেওয়া হয়েছিল তাদের সিদ্ধান্ত জানানোর জন্য। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে বাংলাদেশের পক্ষ থেকে ইতিবাচক কোনো সাড়া না পাওয়ায় আইসিসি তাদের নিয়ম অনুযায়ী পরবর্তী দল হিসেবে স্কটল্যান্ডকে সুযোগ দেয়।
​

আইসিসি জানায়, টুর্নামেন্টের নিরপেক্ষতা ও সূচির স্বচ্ছতা বজায় রাখতেই তারা এই কঠোর সিদ্ধান্ত নিয়েছে। ভবিষ্যতে যাতে কেউ এমন উদাহরণ তৈরি করতে না পারে, সেটিও তাদের বিবেচনায় ছিল।
​

র‍্যাঙ্কিং অনুযায়ী, বিশ্বকাপে সরাসরি জায়গা না পাওয়া দলগুলোর মধ্যে সবার উপরে ছিল স্কটল্যান্ড (১৪তম)। বর্তমানে তারা টুর্নামেন্টে থাকা নামিবিয়া, নেপাল, যুক্তরাষ্ট্র, কানাডা ও ওমানের মতো দলগুলোর চেয়ে র‍্যাঙ্কিংয়ে এগিয়ে।
​বাংলাদেশের এই সরে দাঁড়ানোর ফলে ক্রিকেটের বড় এই আসরে দেখা যাবে না মোস্তাফিজুর রহমান ও তাদের দলের অন্য সদস্যদের। বিষয়টি দেশের ক্রিকেট ভক্তদের জন্য বড় একটি ধাক্কা হিসেবেই দেখা হচ্ছে।

Visited 7 times, 1 visit(s) today