বাংলাদেশকে ‘না’ করে দিল আয়ারল্যান্ড, আইসিসির সঙ্গে দেন দরবারে বিপাকে বিসিবি

বাংলাদেশকে ‘না’ করে দিল আয়ারল্যান্ড, আইসিসির সঙ্গে দেন দরবারে বিপাকে বিসিবি
শেয়ার করুন

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে আয়ারল্যান্ডের সঙ্গে গ্রুপ পরিবর্তনের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রস্তাব দিয়েছিলো। তবে বিসিবির দেয়া প্রস্তাব ফিরিয়ে দিয়েছে ক্রিকেট আয়ারল্যান্ড। তারা নিশ্চিত করেছে যে, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) আয়ারল্যান্ডের গ্রুপ বদল করবে না, সূচিও বদল হবে না। এতে ভেন্যু বদলের চেষ্টায় থাকা বিসিবি বেশ বিপাকেই পড়েছে।

ক্রিকেট আয়ারল্যান্ডের একজন কর্মকর্তা ক্রিকবাজকে বলেন, “আমরা নিশ্চিত আশ্বাস পেয়েছি যে আমাদের মূল সূচিতে কোনো পরিবর্তন হবে না। আমরা নিশ্চিতভাবেই গ্রুপ পর্বের খেলাগুলো শ্রীলঙ্কায় খেলছি।”

আয়ারল্যান্ড গ্রুপ ‘বি’-তে সহ-আয়োজক শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে এবং ওমানের সঙ্গে রয়েছে, যাদের সব ম্যাচ ক্যান্ডি ও কলম্বোতে অনুষ্ঠিত হওয়ার কথা।

অন্যদিকে, বাংলাদেশ রয়েছে গ্রুপ ‘সি’-তে। তাদের সঙ্গে আছে ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, নেপাল ও ইতালি। নিরাপত্তা শঙ্কার কারণে বাংলাদেশ এই টুর্নামেন্টের জন্য ভারত সফরে যেতে অনিচ্ছুক। বর্তমানে তাদের গ্রুপ পর্বের ম্যাচগুলো কলকাতা ও মুম্বাইতে হওয়ার কথা রয়েছে।

শনিবার ঢাকায় আইসিসির সঙ্গে এক বৈঠকে বিসিবি আয়ারল্যান্ডের সঙ্গে গ্রুপ পরিবর্তনের প্রস্তাব দেয়। লজিস্টিক সংক্রান্ত জটিলতা এড়ানোর সম্ভাব্য সমাধান হিসেবে এটিকে বিবেচনা করা হচ্ছিল।
বিসিবি এক বিবৃতিতে জানায়, “ন্যূনতম লজিস্টিক পরিবর্তনের মাধ্যমে বিষয়টি সহজ করার জন্য বাংলাদেশকে অন্য গ্রুপে সরিয়ে নেওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়েছে।”

বিসিবির এক পরিচালক পরে সাংবাদিকদের বলেন, “প্রস্তাবটা আসলে আমরা আইসিসিকে দিয়েছি। তারা ইতিবাচক কোন সাড়া এখনো দেয়নি।”

বিসিবি খেলোয়াড়, সমর্থক, গণমাধ্যম এবং কর্মকর্তাদের নিরাপত্তার কথা উল্লেখ করে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার আনুষ্ঠানিক আবেদনটি আবারও পুনর্ব্যক্ত করেছে।

আইসিসি প্রতিনিধি দলে ছিলেন ইনটেগ্রিটি ইউনিটের জেনারেল ম্যানেজার অ্যান্ড্রু এফগ্রেভ এবং ইভেন্টস ও কর্পোরেট কমিউনিকেশনের জেনারেল ম্যানেজার গৌরব সাক্সেনা (যিনি ভিসা জটিলতার কারণে ভার্চুয়ালি যুক্ত ছিলেন)। বিসিবির পক্ষ থেকে উপস্থিত ছিলেন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, সহ-সভাপতি শাকাওয়াত হোসেন ও ফারুক আহমেদ, ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম, নিরাপত্তা প্রধান ব্রিগেডিয়ার জেনারেল কাজী শামীম ফরহাদ (অব.) এবং সিইও নিজাম উদ্দিন চৌধুরী।

চলতি মাসের শুরুর দিকে আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স পেসার মোস্তাফিজুর রহমান-কে ছেড়ে দেওয়ার পর উদ্ভূত নিরাপত্তা শঙ্কার পরিপ্রেক্ষিতে, গত ৪ জানুয়ারি বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে তাদের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে নেওয়ার অনুরোধ জানায়। তবে এই বিষয়ে সুরাহা হয়নি। বিশ্বকপের তিন সপ্তাহ কম বাকি থাকায় বাংলাদেশের হাতে বিকল্প কমে যাচ্ছে। অন্তর্বতী সরকারের ক্রীড়া উপদেষ্টার নির্দেশে কঠোর অবস্থানে গিয়ে আর ফিরতে পারছে না বিসিবি। সামনে কী হবে তা এখন অনিশ্চিত।

Visited 18 times, 1 visit(s) today