জেলা প্রতিনিধি
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলন্তবাসে এক কলেজছাত্রীকে (২৬) রাতভর গণধর্ষণ করেছে দুর্বৃত্তরা।
১৪ই জানুয়ারি, বুধবার রাতে ঢাকার রেডিওকলোনি থেকে আশুলিয়া যাওয়ার পথে সাভার পরিবহনে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় বাসের চালক ও হেলপারসহ তিনজনকে ১৫ই জানুয়ারি, বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তার করে পুলিশ।গ্রেপ্তারকৃতরা হলো বাসের চালক মো. আলতাফ (২৫), হেলপার মো. সাগর (২৪) ও চালকের সহযোগী মো. রাব্বি (২১)।
ধর্ষকরা জোরপূর্বক ধর্ষণ করে নিজেদের মোবাইলে ভিডিও ধারণ করে রাখে।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, ১৪ই জানুয়ারি, বুধবার রাত সাড়ে ১১টার দিকে এক কলেজছাত্রী ঢাকার রেডিওকলোনি থেকে আশুলিয়া যাওয়ার জন্য সাভার পরিবহনে ওঠেন। বাসে তখন দুইজন যাত্রী ছিলেন। ওই যাত্রীরা নামার পর কলেজছাত্রীকে জোর করে আটকে রেখে সঙ্গে থাকা স্বর্ণালঙ্কার, টাকা ও মোবাইল ছিনিয়ে নেয় চালক ও হেলপার।
পরে বাসটি বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে ওই ছাত্রীকে রাতভর পালাক্রমে ধর্ষণ করে। ধর্ষণের ভিডিও ধারণ করে তারা।
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ঢাকাগামী লেনের করটিয়া আন্ডারপাস এলাকায় মহাসড়কের ওপর সন্দেহজনক অবস্থায় দাঁড়ালে হাইওয়ে পুলিশ বাসটিকে আটক করে জিজ্ঞাসাবাদ করে ধর্ষণের ঘটনা জানতে পারে।
এ ঘটনায় ধর্ষিত কলেজ ছাত্রী মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।
