জেলা প্রতিনিধি
যশোরের বেনাপোল স্থলবন্দরে ভারত থেকে মিথ্যা ঘোষণায় আনা প্রায় ছয় হাজার কেজি ইলিশ জব্দ করেছে কাস্টমস।
১৪ই জানুয়ারি, বুধবার দুপুরে বন্দর এলাকার ৩১ নম্বর ট্রান্সশিপমেন্ট ইয়ার্ড থেকে চালানটি জব্দ করা হয়।
বেনাপোল কাস্টমসের রাজস্ব কর্মকর্তা উদ্ভব চন্দ্র পাল জানান, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) গোপন তথ্যের ভিত্তিতে ইলিশের এ চালান ধরে ফেলে কাস্টমস। ভারতীয় একটি ট্রাক থেকে ৫৩টি কার্টনে মোট ৫ হাজার ৯৪৩ কেজি ইলিশ পাওয়া যায়।
কাস্টমস কর্মকর্তার ভাষ্য, সাধারণত বাংলাদেশ থেকেই ইলিশ রপ্তানি হয় ভারতে। এবার উল্টোভাবে ভারত থেকে ইলিশ আসায় বিষয়টি নজরে আসে।
তদন্তে জানা যায়, জান্নাত এন্টারপ্রাইজ ও আরজে ইন্টারন্যাশনাল নামের দুই প্রতিষ্ঠান মিথ্যা ঘোষণা দিয়ে চালানটি আমদানি করে।
উদ্ভব চন্দ্র পাল বলেন, “শুল্ক ফাঁকি দিয়ে ইলিশের এ চালান বেনাপোল বন্দর থেকে পাচারের চেষ্টা করছিল বহুল আলোচিত শান্তর মালিকানাধীন সিঅ্যান্ডএফ এজেন্ট লিংক এন্টারন্যাশনাল।”
জব্দ করা ইলিশের নমুনা সংগ্রহ ও প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলছে বলে কাস্টমস জানায়।
