তীব্র ভারতবিরোধিতার মাঝেই এবার মোংলা বন্দর দিয়ে এলো ৫ হাজার মেট্রিক টন চাল

তীব্র ভারতবিরোধিতার মাঝেই এবার মোংলা বন্দর দিয়ে এলো ৫ হাজার মেট্রিক টন চাল
শেয়ার করুন

নিজস্ব সংবাদদাতা

ড. ইউনূসের অন্তর্বর্তী সরকার ও সমর্থকরা মুখে যতই ভারতনির্ভরতা কমানোর কথা বলুক, দিনভর ভারতবিরোধিতার একই রেকর্ড বাজাতে থাকুক, বাস্তবতা হচ্ছে প্রতিযোগিতামূলক দামে এবং স্বল্প সময়ের মধ্যে চালসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানিতে ভারতের বিকল্প নেই।

এবার ভারত থেকে আমদানিকৃত ৫ হাজার মেট্রিক টন সিদ্ধ চালবোঝাই একটি জাহাজ মোংলা বন্দরে পৌঁছেছে।

১৩ই জানুয়ারি, মঙ্গলবার সন্ধ্যায় জাহাজটি বন্দরে এসে ভিড়ে। আজ ১৫ই জানুয়ারি, বৃহস্পতিবার সন্ধ্যা থেকে জাহাজটি থেকে চাল খালাস ও পরিবহন কার্যক্রম শুরুর কথা।

খাদ্য অধিদপ্তরের মোংলার সহকারী খাদ্য নিয়ন্ত্রক মুহাম্মদ আব্দুল সোবহান সরদার জানান, ভিয়েতনামের পতাকাবাহী ‘এমভি হং টার্ন’ নামের জাহাজে করে ভারত থেকে এই ৫ হাজার মেট্রিক টন চাল আনা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় জাহাজটি মোংলা বন্দর চ্যানেলের বেসক্রিকে নোঙর করে।

তিনি আরও বলেন, ১৪ই জানুয়ারি, বুধবার বিকেলে জাহাজ থেকে চালের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য খুলনা ও ঢাকার ল্যাবরেটরিতে পাঠানো হয়। এ সময় চাল পরিদর্শনে উপস্থিত ছিলেন খাদ্য মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আব্দুল কাদের আজাদ এবং খাদ্য অধিদপ্তরের খুলনার চলাচল ও সংরক্ষণ নিয়ন্ত্রক এস কে মশিয়ার রহমান।

পড়ুন: ভারত বয়কট মুখে মুখে: নির্ভরতা কমেনি, উল্টো আমদানি প্রবৃদ্ধিতে অতীতের সকল রেকর্ড ভঙ্গ

ল্যাব পরীক্ষার ফল সন্তোষজনক হলে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে চাল খালাসের কাজ শুরু হবে বলে জানান তিনি।

খালাস করা চাল নদীপথে খুলনা ও বরিশাল বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলার খাদ্য গুদামে পাঠানো হবে। চাল খালাসে ৪-৫ দিন সময় লাগতে পারে। কাজ শেষ হলে জাহাজটি বন্দর ত্যাগ করবে।

তিনি জানান, সরকারিভাবে জিটুজি চুক্তির আওতায় ভারত, মিয়ানমার ও পাকিস্তান থেকে মোট ৮ লাখ টন চাল আমদানি করা হচ্ছে। এরই মধ্যে মোংলা বন্দর দিয়ে ২৫ হাজার মেট্রিক টন চাল আমদানি সম্পন্ন হয়েছে।

ভারতবিরোধিতার রাজনীতি ও বাস্তবতা

রাজনৈতিক-সামরিক নানাবিধ অস্থিরতা আর উস্কানি সত্ত্বেও সেই ভারত থেকে নিয়মিত বিরতিতে আসছে চাল। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাগণ এবং তাদের সমর্থকগোষ্ঠীর অবিরত ভারতবিরোধিতা সত্ত্বেও বন্ধ হয়নি বাণিজ্য। বরং ক্রমশ বেড়েই চলেছে ২০২৪ সালের আগস্টের পর থেকে।

মুখে ভারতবিরোধী কথাবার্তা বললেও ভারত থেকে নিত্য প্রয়োজনীয় পণ্য আমদানির কোনো সহজ ও সাশ্রয়ী বিকল্প খুঁজে পাচ্ছেনা ড. ইউনূসের অন্তর্বর্তী সরকার।

সাধারণ নাগরিকদের মতে, ইউনূস সরকার ও তার কিংস পার্টি নয়া বন্দোবস্তের নামে অন্তঃসারশূন্য ভারতবিরোধী অবস্থান নিয়েছে। এছাড়াও কিছু রাজনৈতিক দল এবং তাদের নেতারা, বিশেষ করে কিংস পার্টি এনসিপি বরাবরই ভারতের বিরুদ্ধে কড়া সুরে কথা বলে আসছে।

শুধু তা-ই নয়, সরকারের কয়েকজন উপদেষ্টাও আছেন যারা বিভিন্ন সময় ভারতবিরোধী মনোভাব প্রকাশ করেছেন। প্রধান উপদেষ্টা ড. ইউনূসও এর আগে ভারতের বিরুদ্ধে হুমকি দিয়েছিলেন। পরে ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের জন্য চেষ্টা করেও ব্যর্থ হচ্ছেন।

বাজার সংশ্লিষ্টদের সাথে কথা বলে জানা যায়, দেশের নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে চাল, পেঁয়াজ, গমসহ একাধিক পণ্যের জন্য ভারতই বাংলাদেশের প্রধান উৎস। সড়ক পথে কম খরচে স্বল্প সময়ে পণ্য পৌঁছে যায় দেশে। বর্তমান সংকটময় মুহূর্তে আবারও দেখা যাচ্ছে সরকারকে ভারতমুখী হতে হয়েছে। এতে স্পষ্ট হচ্ছে, আবেগ নয়, বাস্তবতাই অর্থনীতির নিয়ামক।

ভারত বাংলাদেশের বন্ধুপ্রতীম রাষ্ট্র হিসেবে ঐতিহাসিকভাবে স্বীকৃত হলেও বর্তমান ইউনূস সরকার ও তাদের লোকজন বারবার অকারণে ভারত বিরোধীতা করে বাংলাদেশকে নানাভাবে ক্ষতিগ্রস্ত করছে বলে মনে করেন সুধীজন। এতে দিনদিন জটিলতা সৃষ্টি হচ্ছে। ক্ষতিগ্রস্ত হচ্ছে জনগণ।

Visited 18 times, 1 visit(s) today