উত্তর কোরিয়ার চেয়েও নিচে নেমে গেল বাংলাদেশি পাসপোর্টের মান! বৈশ্বিক অঙ্গনে ক্রমশ অবনতি

উত্তর কোরিয়ার চেয়েও নিচে নেমে গেল বাংলাদেশি পাসপোর্টের মান! বৈশ্বিক অঙ্গনে ক্রমশ অবনতি
শেয়ার করুন

বিশেষ প্রতিবেদক

আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রায় বিচ্ছিন্ন রাষ্ট্র হিসেবে পরিচিত উত্তর কোরিয়া। অথচ সেই উত্তর কোরিয়ার চেয়েও দুর্বল অবস্থানে রয়েছে বাংলাদেশের পাসপোর্ট। এমনকি যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনের পাসপোর্টের নিচেও বাংলাদেশের অবস্থান। বৈশ্বিক অঙ্গনে ক্রমেই অবনতি ঘটছে বাংলাদেশের পাসপোর্টের মানের।

‘হেনলি পাসপোর্ট ইনডেক্স’-এর ২০২৬ সালের জানুয়ারি সংস্করণ অনুযায়ী, ১০১টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৯৫তম। বাংলাদেশি পাসপোর্টধারীরা ভিসা ছাড়া মাত্র ৩৭টি দেশে ভ্রমণের সুযোগ পান।

একই তালিকায় উত্তর কোরিয়া ও ফিলিস্তিন যৌথভাবে ৯৪তম স্থানে রয়েছে, যাদের নাগরিকরা ভিসা ছাড়া ৩৮টি দেশে যেতে পারেন। অর্থাৎ প্রতিবেশী দেশগুলোর তুলনায় যেমন পিছিয়ে বাংলাদেশ, তেমনি কমছে ভিসামুক্ত ভ্রমণের সুযোগও। গতকাল হেনলি অ্যান্ড পার্টনারস এই হালনাগাদ সূচক প্রকাশ করেছে।

তালিকায় শীর্ষস্থানে রয়েছে সিঙ্গাপুর। দ্বিতীয় স্থানে যৌথভাবে আছে জাপান ও দক্ষিণ কোরিয়া। আশ্চর্যের বিষয় হলো, যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিন ও আন্তর্জাতিকভাবে একঘরে উত্তর কোরিয়ার পাসপোর্টের চেয়েও পিছিয়ে রয়েছে বাংলাদেশ।

আগের সংস্করণে ১০৬টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ছিল ১০০তম, অর্থাৎ তখনও এটি বিশ্বের অন্যতম দুর্বল পাসপোর্ট হিসেবে বিবেচিত ছিল।

২০২৬ সালে বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের স্বীকৃতি পেয়েছে সিঙ্গাপুর, যার নাগরিকরা ভিসা ছাড়া ১৯২টি দেশে ভ্রমণ করতে পারেন। দ্বিতীয় স্থানে থাকা জাপান ও দক্ষিণ কোরিয়ার নাগরিকদের জন্য এই সুযোগ রয়েছে ১৮৮টি দেশে। তৃতীয় স্থানে রয়েছে ইউরোপের পাঁচ দেশ—ডেনমার্ক, লুক্সেমবার্গ, স্পেন, সুইডেন ও সুইজারল্যান্ড—যাদের নাগরিকরা ভিসা ছাড়াই ১৮৬টি দেশে যেতে পারেন।

অপরদিকে, সূচকের একেবারে নিচে রয়েছে পাকিস্তান, ইয়েমেন, ইরাক, সিরিয়া ও আফগানিস্তান।

২০ বছরের ঐতিহাসিক তথ্যের ভিত্তিতে তৈরি হেনলি পাসপোর্ট ইনডেক্স একমাত্র সূচক, যা আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থা (আইএটিএ)-এর নির্ভরযোগ্য তথ্য ব্যবহার করে। এতে বিশ্বের ১৯৯টি পাসপোর্ট ও ২২৭টি ভ্রমণ গন্তব্য অন্তর্ভুক্ত রয়েছে। বিশ্বব্যাপী পাসপোর্টের ক্ষমতা বা মান নির্ধারণে এটিকেই সবচেয়ে গ্রহণযোগ্য সূচক হিসেবে ধরা হয়।

দক্ষিণ এশিয়ায় সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট মালদ্বীপের, যার অবস্থান ৫২তম। মালদ্বীপের নাগরিকরা ভিসা ছাড়া ৯২টি দেশে ভ্রমণ করতে পারেন। এরপর রয়েছে ভারত (৮০তম), ভুটান (৮৫তম) ও শ্রীলঙ্কা (৯৩তম)। এসব দেশের নাগরিকরা যথাক্রমে ৫৫, ৫০ ও ৩৯টি দেশে ভিসামুক্ত ভ্রমণের সুযোগ পান। দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের অবস্থান পঞ্চম।

উল্লেখ্য, হেনলি অ্যান্ড পার্টনারস বিশ্বব্যাপী ধনী ব্যক্তিদের দ্বৈত নাগরিকত্ব পেতে সহায়তা করে। হেনলি সূচকের পাশাপাশি বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানও নিয়মিতভাবে পাসপোর্টের মান নির্ধারণে আলাদা সূচক প্রকাশ করে থাকে।

Visited 9 times, 1 visit(s) today