আসিফ নজরুলের মন্তব্যে আসা কথা আইসিসির নয়: বিসিবি

আসিফ নজরুলের মন্তব্যে আসা কথা আইসিসির নয়: বিসিবি
শেয়ার করুন

স্পোর্টস ডেস্ক

বিদায়ী সময়ে এসেও চরম বিতর্কের জন্ম দিলেন অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। আইসিসির নামে মিথ্যাচার বিপাকে পড়েছেন তিনি। আজ বাফুফেতে এক অনুষ্ঠানে বলেছিলেন, আইসিসির সিকিউরিটি দল চিঠি দিয়ে তিনটা শর্ত দিয়েছে, তারা নিজেরাও নাকি বাংলাদেশের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। পরে বিসিবি সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে বলেছে, এটা আইসিসির আনুষ্ঠানিক কোন জবাব নয়।

আনুষ্ঠানিক বিবৃতিতে বিসিবি বলেছে, ‘বাংলাদেশ জাতীয় দল এবং আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ সংক্রান্ত আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)-র সঙ্গে সাম্প্রতিক যোগাযোগের বিষয়ে আসা প্রতিবেদনগুলো পরিষ্কার করতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার মাধ্যমে আজ যে যোগাযোগের বিষয়টি উল্লেখ করা হয়েছে, তা মূলত আইসিসি-র নিরাপত্তা বিভাগের সঙ্গে বিসিবি-র একটি অভ্যন্তরীণ যোগাযোগ ছিল। এটি ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশ দলের জন্য নিরাপত্তা ঝুঁকি বা থ্রেট অ্যাসেসমেন্ট সংক্রান্ত। এটি ভারতের বাইরে বাংলাদেশের ম্যাচগুলো স্থানান্তরের জন্য বিসিবি-র করা আবেদনের কোনো আনুষ্ঠানিক জবাব নয়।’

উদ্বেগগুলো আসলে কাদের এটা বিসিবির তাদের বিবৃতিতে পরিষ্কার করেনি। তবে খোঁজ নিয়ে জানা গেছে, মূলত বিসিবিই বিভিন্ন ইস্যুতে কিছু উদ্বেগ জানিয়েছিল আইসিসিকে। সেটা আইসিসি কেবল শুনেছে। কোন মন্তব্য করেনি।

বিসিবি পুনরায় নিশ্চিত করছে যে, ভেন্যু নিয়ে উদ্বেগের বিষয়টি তারা আনুষ্ঠানিকভাবে উত্থাপন করেছে এবং দলের নিরাপত্তার স্বার্থে বাংলাদেশের ম্যাচগুলো ভারতের বাইরে সরিয়ে নেওয়ার অনুরোধ জানিয়েছে। বোর্ড নিশ্চিত করছে যে, তারা এই বিষয়ে আইসিসি-র কাছ থেকে একটি আনুষ্ঠানিক সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে।

বিকেলে বাফুফেতে এক অনুষ্ঠানে আসিফ বলেন, ‘আপনারা নিশ্চয়ই ক্রিকেটের খবর জানার জন্য এখানে এসেছেন। ক্রিকেটের ক্ষেত্রে আমাদের নতুন কোনো ডেভেলপমেন্ট নেই। আমরা দুটি চিঠি দিয়েছি এবং আইসিসির উত্তরের অপেক্ষায় আছি। এর মধ্যে একটি বিষয় ঘটেছে যা আপনাদের জানানো প্রয়োজন। আইসিসির যে সিকিউরিটি টিম আছে, তারা একটি চিঠি দিয়েছে। সেই চিঠিতে বলা হয়েছে, তিনটি বিষয় ঘটলে বাংলাদেশ দলের নিরাপত্তা ঝুঁকি বাড়বে।’

‘প্রথমত, বাংলাদেশ দলে যদি মোস্তাফিজ অন্তর্ভুক্ত হন। দ্বিতীয়ত, বাংলাদেশ দলের সমর্থকরা যদি জাতীয় জার্সি পরে ঘোরাফেরা করেন। আর তৃতীয়ত, নির্বাচন যত এগিয়ে আসবে, তত বাংলাদেশ দলের নিরাপত্তা ঝুঁকি বৃদ্ধি পাবে। আইসিসির সিকিউরিটি টিমের এই বক্তব্যই প্রমাণ করে যে, ভারতে বাংলাদেশ দলের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার মতো পরিবেশ নেই।’

আইসিসি নাকি বাংলাদেশের নির্বাচন পেছানোর কথাও বলেছে দাবি, আসিফের। আসিফের বলা বাংলাদেশের নির্বাচন আসলে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন। এবং সেটা নিয়ে উদ্বেগ জানিয়েছে বিসিবি, আইসিসি নয়।

Visited 16 times, 1 visit(s) today