হাঁটুর চোট থেকে সেরে ওঠার প্রক্রিয়ায় থাকায় চলতি সপ্তাহের স্প্যানিশ সুপার কাপে খেলতে পারছেন না রিয়াল মাদ্রিদ স্ট্রাইকার কিলিয়ান এমবাপে।
সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্টের জন্য মঙ্গলবার ঘোষিত স্কোয়াডে ফরাসি এই সুপারস্টার তথা দলের সর্বোচ্চ গোলদাতাকে রাখেনি স্প্যানিশ জায়ান্টরা।
গত সপ্তাহে এমবাপ্পের এই সমস্যা ধরা পড়ে। ২৭ বছর বয়সী এই তারকার ঘনিষ্ঠ একটি সূত্র এএফপি-কে জানিয়েছে, তাকে অন্তত তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হতে পারে।
বৃহস্পতিবার সেমিফাইনালে নগর প্রতিদ্বন্দ্বী আতলেতিকো মাদ্রিদের মুখোমুখি হবে জাবি আলোনসোর দল। অন্যদিকে, বুধবার অন্য সেমিফাইনালে বার্সেলোনা লড়বে অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে।
মৌসুমের শুরুটা আশানুরূপ না হওয়ায় বর্তমানে বেশ চাপে আছেন স্প্যানিশ কোচ আলোনসো। লা লিগায় চ্যাম্পিয়ন বার্সেলোনার চেয়ে বর্তমানে চার পয়েন্টে পিছিয়ে আছে তার দল।
