খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গভীর শোক প্রকাশ

খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গভীর শোক প্রকাশ
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক

ঢাকা, ৩০ ডিসেম্বর ২০২৫: বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ সকালে ঢাকার এভারকেয়ার হাসপাতালে দীর্ঘদিনের অসুস্থতায় ৮০ বছর বয়সে ইন্তেকাল করেন খালেদা জিয়া।

প্রধানমন্ত্রী মোদী সামাজিক মাধ্যম এক্স-এ এক পোস্টে লেখেন: “ঢাকায় সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীরভাবে দুঃখিত। তার পরিবার এবং বাংলাদেশের সকল জনগণের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা। সর্বশক্তিমান তার পরিবারকে এই দুঃখজনক ক্ষতি সহ্য করার শক্তি দান করুন।

বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশের উন্নয়ন এবং ভারত-বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে তার গুরুত্বপূর্ণ অবদান সর্বদা স্মরণীয় থাকবে। ২০১৫ সালে ঢাকায় তার সঙ্গে আমার উষ্ণ সাক্ষাৎ স্মরণ করছি। আমরা আশা করি, তার দৃষ্টিভঙ্গি এবং উত্তরাধিকার আমাদের অংশীদারিত্বকে নির্দেশিত করতে থাকবে। তার আত্মার শান্তি কামনা করি।”

এই শোক বার্তার সাথে নরেন্দ্র মোদী ২০১৫ সালে ঢাকা সফরের সময় খালেদা জিয়ার সাথে সাক্ষাতের দুটি ছবি যুক্ত করেন।

খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, ডায়াবেটিস, হৃদরোগ, কিডনি সমস্যাসহ একাধিক জটিল রোগে ভুগছিলেন। গত ২৩ নভেম্বর থেকে তিনি এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন ছিলেন। বিএনপির পক্ষ থেকে জানানো হয়, আজ ফজরের নামাজের পরপরই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। ভারতের প্রধানমন্ত্রীর এই শোকবার্তা দু’দেশের সম্পর্কের গভীরতা প্রতিফলিত করছে।

 

Visited 15 times, 1 visit(s) today