❐ বিডি ডাইজেস্ট ডেস্ক
বাংলাদেশে সাম্প্রতিক কিছু ঘটনাপ্রবাহ ঘিরে নিরাপত্তা সংস্থাগুলো গভীর নজর রাখছে। কারণ, সেখানে ‘ন্যাশনাল আর্মড রিজার্ভ (এনএআর)’ নামে একটি উগ্র সশস্ত্র বাহিনী গঠনের প্রস্তুতি চলছে বলে জানা গেছে। এই বাহিনীতে বাংলাদেশের ৮ হাজারের বেশি উগ্রপন্থি তরুণকে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে। কর্মকর্তাদের মতে, এই বাহিনীর মূল লক্ষ্য হবে শরিয়া আইন কঠোরভাবে কার্যকর করে দেশের নিয়ন্ত্রণ নেওয়া।
গোয়েন্দা সূত্র জানায়, এনএআর মূলত দেশের পুলিশের বিকল্প হিসেবে কাজ করবে। এই বাহিনী শরিয়া আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করবে। এই পরিকল্পনার পেছনে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এবং পাকিস্তান সেনাবাহিনী রয়েছে বলে দাবি করা হয়েছে। এনএআর গঠনের প্রস্তুতির অংশ হিসেবে ইতোমধ্যে একাধিক বৈঠকও অনুষ্ঠিত হয়েছে।
পাকিস্তানের পরিকল্পনা হলো—বাংলাদেশে একদিকে একটি উগ্রপন্থি সেনাবাহিনী, অন্যদিকে সমান্তরাল আরেকটি পুলিশি কাঠামো গড়ে তোলা। এজন্য বাংলাদেশে এমন ব্যক্তিদের নিযুক্তির কাজ শুরু হয়েছে, যারা পাকিস্তানের প্রতি অনুগত এবং চরমপন্থি মনোভাবাপন্ন।
বর্তমানে বাংলাদেশের সেনাবাহিনীর ভেতরে, এমনকি সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানসহ অনেকেই মনে করেন যে দেশটি গণতান্ত্রিকভাবে পরিচালিত হওয়া উচিত। এই কারণেই আইএসআই সেনাবাহিনীর কাঠামো পুনর্গঠন করে পাকিস্তানপন্থি ব্যক্তিদের গুরুত্বপূর্ণ পদে বসানোর চেষ্টা করছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।
এই পরিকল্পনা বাস্তবায়নের দায়িত্ব দেওয়ার জন্য পাকিস্তান ব্রিগেডিয়ার (বহিষ্কৃত) আব্দুল্লাহিল আমান আযমিকে নির্বাচন করেছে। তিনি জামায়াতে ইসলামীর প্রয়াত আমির রাজাকার গোলাম আযমের ছেলে এবং একজন চরমপন্থি হিসেবে পরিচিত। তিনি পাকিস্তানের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে একাধিক বৈঠক করেছেন।
ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলোর ধারণা, বাংলাদেশের নিরাপত্তা কাঠামোয় তাকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হতে পারে।
পাকিস্তানের পরিকল্পনা অনুযায়ী, প্রথমে আযমিকে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টা করা হবে। নির্বাচন শেষ হলে এই পদ বিলুপ্ত হবে এবং তখন তাকে এনএআরের দায়িত্বে বসানো হবে।
ড. ইউনূস দায়িত্ব নেওয়ার পর থেকে বেশ কয়েকজন পাকিস্তানি কূটনীতিক বাংলাদেশে সক্রিয় হয়েছেন। তারা নিয়মিত ঢাকার কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করছেন। এসব বৈঠকে আযমি একটি গুরুত্বপূর্ণ সংযোগকারী ভূমিকা পালন করছেন বলে জানা গেছে। তিনি ঢাকার সঙ্গে ইসলামাবাদের যোগাযোগের মাধ্যম হিসেবে কাজ করছেন।
ঢাকার বনানী অফিসার্স হাউজিং এলাকায় এসব বৈঠক অনুষ্ঠিত হচ্ছে, যেখানে অনেক পাকিস্তানি কূটনীতিক অবস্থান করছেন। ২৩শে ডিসেম্বর সেখানে আযমি ও পাকিস্তানের ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ ওয়াসিমের মধ্যে একটি বৈঠক হয়, যা ভারতীয় গোয়েন্দাদের নজরে এসেছে। কর্মকর্তাদের মতে, এই বৈঠক বড় কোনো পরিকল্পনার ইঙ্গিত দিচ্ছে।
এছাড়া ঢাকায় আইএসআইয়ের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গেও একাধিক বৈঠক হয়েছে বলে জানা গেছে।
গোয়েন্দা সংস্থাগুলোর ধারণা, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে প্রস্তাবিত নির্বাচনের আগে এসব বৈঠক একটি গভীর ষড়যন্ত্রের দিকে ইঙ্গিত করছে। যদিও নির্বাচন বানচালের চেষ্টা সফল নাও হতে পারে বলে কর্মকর্তারা মনে করছেন।
এই পরিকল্পনার লক্ষ্য হলো—বাংলাদেশকে পাকিস্তানের মতো শাসনব্যবস্থার অধীনে নিয়ে যাওয়া। পাকিস্তানে যেমন নামমাত্র নির্বাচিত সরকার থাকে, কিন্তু প্রকৃত ক্ষমতা সেনাবাহিনীর হাতে—ঠিক তেমন ব্যবস্থাই বাংলাদেশে কায়েম করতে চায় তারা। আন্তর্জাতিক চাপ, বিশেষ করে যুক্তরাষ্ট্রের চাপ এড়াতে নির্বাচন আয়োজন করা হবে। তবে নির্বাচিত সরকার থাকলেও এনএআর ও সেনাবাহিনীই প্রকৃত নিয়ন্ত্রণে থাকবে।
পরিকল্পনা অনুযায়ী, এনএআর ধীরে ধীরে পুলিশের জায়গা নেবে এবং বাংলাদেশ সেনাবাহিনীতে পাকিস্তানপন্থি ব্যক্তিরা দেশের শাসনব্যবস্থা নিয়ন্ত্রণ করবে। মূল উদ্দেশ্য হলো—বাংলাদেশকে একটি পুরোপুরি উগ্রপন্থি রাষ্ট্রে পরিণত করা।
আইএসআই-সমর্থিত জামায়াতে ইসলামীসহ কয়েকটি উগ্রবাদী ধর্মভিত্তিক সংগঠন এই পরিকল্পনার পক্ষে কাজ করছে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। এজন্য তারা এনএআর গঠনের ওপর জোর দিচ্ছে। এই বাহিনী নিশ্চিত করবে, সবাই যেন কঠোরভাবে উগ্র ইসলামী বিধান মেনে চলে। একই সঙ্গে সেনাবাহিনীর নেতৃত্ব থাকবে পাকিস্তান-সমর্থিত ব্যক্তিদের হাতে।
ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলোর মতে, সামনের দিনগুলোতে বাংলাদেশকে ঘিরে আরও অনেক গুরুত্বপূর্ণ ঘটনা ঘটতে পারে। আইএসআই ছড়িয়ে দেওয়া বিভ্রান্তিকর প্রচারণার কারণে দেশটি এখন উত্তেজনাপূর্ণ অবস্থায় রয়েছে। একই সঙ্গে আইএসআই বিভিন্ন প্রতিষ্ঠানে ঢুকে দেশের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
