সংবিধানবিরোধী গণভোট ও ত্রয়োদশ সংসদ নির্বাচন বর্জনের ঘোষণা জাসদের

সংবিধানবিরোধী গণভোট ও ত্রয়োদশ সংসদ নির্বাচন বর্জনের ঘোষণা জাসদের
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং প্রস্তাবিত গণভোটে অংশ নেবে না জাতীয় সমাজতান্ত্রিক দল–জাসদ। দলটির দাবি, অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ নয় এবং নির্বাচন ও গণভোট আয়োজন করা হচ্ছে একতরফাভাবে, যা সংবিধানবিরোধী।

আজ ২৯শে ডিসেম্বর, সোমবার সকালে জাসদের কেন্দ্রীয় কার্যকরী কমিটির পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে দলটি এ কথা জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবর্তে সরকার একটি ‘অসাংবিধানিক গণভোট’ এবং একপাক্ষিক সংসদ নির্বাচনের আয়োজন করছে। নির্বাচন কমিশনও সরকারের রাজনৈতিক ইচ্ছা বাস্তবায়নে ভূমিকা রাখছে বলে অভিযোগ করেছে দলটি।

জাসদের দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসেন স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, নির্বাচন কমিশনে নিবন্ধিত ও নির্বাচনমুখী দল হওয়া সত্ত্বেও বর্তমান রাজনৈতিক বাস্তবতায় এই নির্বাচন ও গণভোটে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দলটির মতে, একটি অনির্বাচিত অসাংবিধানিক সরকারের পরিবর্তে নির্বাচিত সাংবিধানিক সরকার শ্রেয় হলেও বর্তমান প্রক্রিয়া সেই লক্ষ্যে যাচ্ছে না।

বিবৃতিতে আরও বলা হয়, ২০২৪ সালের ৫ই আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর অন্তর্বর্তী সরকার গঠনের সময় জাসদ দ্রুত নির্বাচনের দাবি জানিয়েছিল। তবে ৯০ দিনের মধ্যে নির্বাচন আয়োজনের পরিবর্তে সরকার নানা অজুহাতে ক্ষমতার মেয়াদ দীর্ঘ করছে এবং রাজনৈতিক বিভাজন আরও তীব্র করছে বলে অভিযোগ করা হয়।

জাসদের অভিযোগ, মুক্তিযুদ্ধের চেতনা ও ইতিহাসকে অস্বীকার, সাংস্কৃতিক কর্মকাণ্ডে বাধা, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং মব সহিংসতার মাধ্যমে দেশকে অস্থিতিশীল অবস্থার দিকে ঠেলে দেওয়া হচ্ছে। পাশাপাশি বিরোধী রাজনৈতিক শক্তির নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যাপক মামলা ও গ্রেপ্তার চালানো হচ্ছে বলেও দাবি করে দলটি।

এই প্রেক্ষাপটে জাসদ জানিয়েছে, অসাংবিধানিক গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নামে একতরফা নির্বাচন তারা বর্জন করবে।

Visited 16 times, 1 visit(s) today