জেলা প্রতিনিধি
তৃণমূল নেতাকর্মীদের আবেগ ও মতামতের মূল্য না দিয়ে কেন্দ্র যাচ্ছেতাই সিদ্ধান্ত নিয়ে দলীয় মনোনয়ন দেওয়ায় ক্ষোভ ও অভিমানে বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন মাগুরা-২ আসনের সাবেক এমপি কাজী সালিমুল হক কামাল।
বিএনপির একজন ত্যাগী, নিবেদিতপ্রাণ ও আদর্শিক নেতা হিসেবে তিনি তৃণমূলে সমাদৃত। তার সমর্থকরা এই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র উত্তোলন করেছেন।
ত্যাগী ও পরীক্ষিত নেতাদের বাদ দিয়ে বিতর্কিতদের পুনর্বাসনের চেষ্টা দলকে আদর্শিকভাবে দুর্বল করছে মন্তব্য করে তিনি বলেন, এতে ভবিষ্যতে বিএনপির ভিত্তি নড়বড়ে হয়ে যাবে। তাছাড়া একজন ‘হিন্দু’ প্রার্থীকে মনোনয়ন দেওয়ায় ধর্মভীরু ভোটারদের একটি অংশ জামায়াতে ইসলামীর দিকে ঝুঁকে পড়তে পারে বলেও আশঙ্কৃা প্রকাশ করেন তিনি।
উল্লেখ্য এই আসনে তার বদলে নিতাই রায় চৌধুরীকে প্রার্থী করেছে বিএনপি।
মাগুরা-২ আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী ও সাবেক সংসদ সদস্য কাজী সালিমুল হক কামাল নির্বাচন ও সক্রিয় রাজনীতি থেকে অবসর নেওয়ার এই ঘোষণায় তৃণমূল বিএনপি হতাশ হয়েছে।
শনিবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ সিদ্ধান্তের কথা জানান। কামাল জেলা বিএনপির সাবেক সভাপতি।
ফেসবুক পোস্টে কাজী সালিমুল হক কামাল উল্লেখ করেন, দীর্ঘ ৭ বছর কারাবাস, রাজনৈতিক অবহেলা এবং পরিবারের চরম ভোগান্তির কারণে তিনি আর কোনো নির্বাচনে অংশ নেবেন না। জীবনের বাকি সময় পরিবারকে নিয়ে শান্তিতে কাটাতে চান বলেও জানান তিনি।
যদিও তার সমর্থকরা ইতোমধ্যে মাগুরা-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তার মনোনয়নপত্র জমা দিয়েছেন।
ফেসবুক স্ট্যাটাসে তিনি স্মৃতিচারণ করে বলেন, ২০০৮ সালের পর তিনি রাজনীতি থেকে দূরে ছিলেন। ২০১৭ সালে একটি ‘মিথ্যা মামলায়’ তাকে কারাবরণ করতে হয়। গত বছর জুলাই দাঙ্গার মাধ্যমে সরকার পতনের পর ২২শে আগস্ট তাকে কারাগার থেকে বের করে আনা হয়। নেতাকর্মীদের ভালোবাসা ও আবেগ তাকে গভীরভাবে নাড়া দেয় বলেও উল্লেখ করেন তিনি।
তিনি জানান, মুক্তির পর গত ১৬ মাসে মাত্র চারবার মাগুরায় এসেছেন। প্রতিবারই নেতাকর্মীদের চোখে ভালোবাসার পাশাপাশি দীর্ঘদিনের কষ্ট ও বেদনা দেখেছেন। গত ১৬ বছর ধরে মাগুরার ত্যাগী নেতাকর্মীরা মামলা, হামলা, জেল ও নির্যাতন সয়েও বিএনপির পতাকা আঁকড়ে ধরে রেখেছেন বলে দাবি করেন তিনি।
দলীয় হাইকমান্ডকে প্রশ্নবিদ্ধ করে কাজী সালিমুল হক কামাল বলেন, তৃণমূল নেতাকর্মীদের আবেগ ও মতামতের কোনো মূল্য দিচ্ছেনা কেন্দ্র। ২০২৬ সালের ফেব্রুয়ারির নির্বাচনের জন্য মাগুরা-২ আসনে প্রাথমিক প্রার্থী ঘোষণার পর তৃণমূলে যে ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে, তা দীর্ঘদিনের অবহেলা ও বঞ্চনার ফল।
তিনি দাবি করেন, মাগুরা-২ আসনের ৫১৩ জন দায়িত্বশীল নেতার মধ্যে ৫০১ জন, ১৯টি ইউনিয়নের ১৮ জন সাবেক চেয়ারম্যান এবং দুইজন সাবেক উপজেলা চেয়ারম্যান লিখিতভাবে ওই সিদ্ধান্তের বিরোধিতা করেছিলেন। তবে তৃণমূলের সেই মতামতকে গুরুত্ব দেওয়া হয়নি।
স্ট্যাটাসে তিনি আরও বলেন, ত্যাগী ও পরীক্ষিত নেতাদের বাদ দিয়ে বিতর্কিতদের পুনর্বাসনের চেষ্টা দলকে আদর্শিকভাবে দুর্বল করছে। এতে ভবিষ্যতে দলের ভিত্তি নড়বড়ে হয়ে পড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।
বর্তমান রাজনৈতিক বাস্তবতায় একজন হিন্দু প্রার্থীকে মনোনয়ন দেওয়ায় ধর্মভীরু ভোটারদের একটি অংশ জামায়াতে ইসলামীর দিকে ঝুঁকে পড়তে পারে এমন উদ্বেগ তৃণমূল নেতাকর্মীদের মধ্যে রয়েছে বলেও উল্লেখ করেন তিনি। ভবিষ্যতে আওয়ামী লীগ নির্বাচনে ফিরলে দলের অবস্থান কী হবে, সেটিই ছিল তৃণমূলের প্রধান দুশ্চিন্তা বলে জানান তিনি।
স্ট্যাটাসে কাজী সালিমুল হক কামাল বলেন, তৃণমূলই দলের প্রাণ। হাজার হাজার ত্যাগী কর্মীকে উপেক্ষা করে একতরফা সিদ্ধান্ত নিলে দল শক্তিশালী না হয়ে ভেতর থেকে ক্ষয়ে যায়। মাঠপর্যায়ের কর্মীরা নিষ্ক্রিয় হয়ে পড়লে তার দায়ভার দলকেই নিতে হবে।
তিনি জানান, নেতাকর্মীদের চাপে পড়ে তিনি স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে দলের বর্তমান অনড় অবস্থান দেখে তিনি উপলব্ধি করেছেন, তৃণমূলের যুক্তি ও আবেগের কোনো মূল্য নেই।
সবশেষে পরিবারের একান্ত অনুরোধের কথা উল্লেখ করে তিনি বলেন, আর কোনো নির্বাচনে অংশ নেবেন না এবং সক্রিয় রাজনীতি থেকে চিরতরে অবসর নিচ্ছেন।
তরুণদের উদ্দেশে তিনি বলেন, রাজনীতিতে এগিয়ে যাওয়ার অনেক সুযোগ রয়েছে। একটি ভুল সিদ্ধান্তে যেন তারা নিজেদের ভবিষ্যৎ নষ্ট না করেন।
উল্লেখ্য, সাবেক এমপি কাজী সালিমুল হক কামালকে বাদ দিয়ে বিএনপি মাগুরা-২ আসনে সাবেক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীকে মনোনয়ন দিয়েছে।
