উখিয়ায় রহস্যময় আগুনে পুড়ে ছাই রোহিঙ্গাদের জরুরি স্বাস্থ্যকেন্দ্র

উখিয়ায় রহস্যময় আগুনে পুড়ে ছাই রোহিঙ্গাদের জরুরি স্বাস্থ্যকেন্দ্র
শেয়ার করুন

স্থানীয় সংবাদদাতা

কক্সবাজারের উখিয়া উপজেলার রোহিঙ্গা আশ্রয়শিবিরে এক রাতের ব্যবধানে রহস্যজনক দুটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একটি জরুরি স্বাস্থ্যসেবাকেন্দ্র সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে এবং কয়েকটি বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।

আজ ২৬শে ডিসেম্বর, শুক্রবার ভোরে উখিয়ার রাজাপালং ইউনিয়নের মধুরছড়া এলাকার ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি-ব্লকে অবস্থিত একটি স্বাস্থ্যকেন্দ্রে আগুন লাগে। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সম্মিলিত প্রচেষ্টায় সকাল সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে দুষ্কৃতিকারীরা স্বাস্থ্যকেন্দ্রে আগুন ধরিয়ে দিয়েছে বলে মনে করছেন স্থানীয়রা।

২০১৭ সালে মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের চিকিৎসাসেবা দিতে দাতব্য সংস্থা ‘ওবাট হেলপারস ইউএসএ’ এই কেন্দ্রটি ‘ওবাট হেলথ পোস্ট’ নামে প্রতিষ্ঠা করে। বর্তমানে ক্যাম্প প্রশাসনের সহায়তায় এবং হিউম্যান ইন্টারন্যাশনাল ইউএসএএর অর্থায়নে এটি পরিচালিত হচ্ছিল।

তবে আকস্মিক অগ্নিকাণ্ডে পুরো স্বাস্থ্যকেন্দ্রটি পুড়ে গেছে বলে জানান ওবাট হেলপারস বাংলাদেশের হেলথ কো-অর্ডিনেটর চিকিৎসক মাহামুদুল হাসান সিদ্দিকী রাশেদ।

জানা গেছে, দুর্গম এলাকার এই স্বাস্থ্যকেন্দ্র থেকে রোহিঙ্গা ও স্থানীয় জনগণ বিনামূল্যে চিকিৎসাসেবা পেতেন। স্থানীয়দের কাছে ‘মালয়েশিয়া হাসপাতাল’ নামে পরিচিত এই স্বাস্থ্যকেন্দ্রটি পুড়ে যাওয়ায় রোহিঙ্গাদের মধ্যে গভীর উদ্বেগ দেখা দিয়েছে।

ক্যাম্পের বাসিন্দা মোহাম্মদ রফিক বলেন, ‘এই হাসপাতালটি আমাদের চিকিৎসার বড় ভরসা ছিল। আমার মনে হচ্ছে কেউ পুড়িয়ে দিয়েছে।’

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ কোটি টাকার বেশি হতে পারে।

উখিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ডলার ত্রিপুরা জানান, একটি ইউনিট আগুন নেভানোর কাজে অংশ নিয়েছিল। তবে কীভাবে আগুন লাগলো আমরা এখনো নিশ্চিত নই।

এর আগে গত ২৫শে ডিসেম্বর, বৃহস্পতিবার রাত আনুমানিক ১০টার দিকে কুতুপালং নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের বি-ব্লকে আরেকটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। এতে অন্তত পাঁচটি বসতঘর পুড়ে যায়। এভাবে ঘন ঘন আগুন লাগার ঘটনায় আতঙ্ক বিরাজ করছে।

Visited 10 times, 1 visit(s) today