সিরাজগঞ্জে জুলাই জঙ্গিদের থানা লুটের অস্ত্র নিয়ে শঙ্কিত নির্বাচনের প্রার্থীরা

সিরাজগঞ্জে জুলাই জঙ্গিদের থানা লুটের অস্ত্র নিয়ে শঙ্কিত নির্বাচনের প্রার্থীরা
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগ সরকার পতনের পর সারাদেশে ৪৬০টির বেশি থানা ও ফাঁড়ির অস্ত্র লুটে নেয় জুলাই-আগস্টের আন্দোলনকারীরা। জুলাই জঙ্গিরা এসময় ব্যাপক প্রাণহানি ঘটানোর পাশাপাশি দেশের ১৯টি কারাগার ভেঙে বের করে আনে দুর্ধর্ষ সন্ত্রাসী, খুনি, মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদিসহ ভয়ঙ্কর জঙ্গিদের। তারা মিশে যায় জনস্রোতে। আওয়ামী লীগ সরকারের ভেঙে দেওয়া জঙ্গি সিন্ডিকেট আবারও পূর্ণ শক্তি নিয়ে প্রকাশ্যে আসে। যা এখন আরও শক্তিশালী। তাদের হাতে উঠেছে ভয়ঙ্কর সব মারণাস্ত্র, গোলাবারুদ।

জুলাই জঙ্গিরা সিরাজগঞ্জে পুলিশ সদস্যের ওপর গত বছরের ৪ঠা আগস্ট বর্বরোচিত গণহত্যা চালিয়েছে, অগ্নিসংযোগ ও লুটপাটের পাশাপাশি থানার অস্ত্রও লুট করে নিয়ে যায়। এই ঘটনার সাড়ে ১৬ মাস পেরিয়ে গেলেও এখনো উদ্ধার হয়নি ১৪টি আগ্নেয়াস্ত্র ও ৫ শতাধিক রাউন্ড গোলাবারুদ। এসব অস্ত্র উদ্ধার না হওয়ায় সাধারণ মানুষ ও আসন্ন নির্বাচনের প্রার্থীদের মধ্যেও নিরাপত্তা উদ্বেগ বাড়ছে।

আধুনিক এসব অস্ত্র জঙ্গিদের হাতে রয়েছে বলে মনে করেন গোয়েন্দারা। সরকারের বিশেষ মহল জানলেও এ অস্ত্র উদ্ধারে ব্যবস্থা নিচ্ছেনা বলে জানা গেছে।

পুলিশ জানায়, ২০২৪ সালের ৪ঠা আগস্ট সিরাজগঞ্জের এনায়েতপুর ও হাটিকুমরুল হাইওয়ে থানায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। আগুন দিয়ে উল্লাস করে আন্দোলনকারী জঙ্গিরা। সেই অগ্নিকাণ্ডের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমেও এসেছিল। প্রকাশ্য ছিল নাশকতাকারীদের চেহারা।

সেদিন সংঘর্ষে ১৫ জন পুলিশ সদস্য নিহত হন। ওই দুই থানা থেকে ২৮টি আগ্নেয়াস্ত্র লুট হয়। এর মধ্যে ১০টি চাইনিজ রাইফেল, ১২টি পিস্তল ও ৬টি শটগান। এখনো ১৪টি অস্ত্র উদ্ধার করা যায়নি। অস্ত্র উদ্ধারে ‘অপারেশন ডেভিল হান্ট’ চললেও সিরাজগঞ্জে এর দৃশ্যমান অগ্রগতি নেই বলে অভিযোগ রয়েছে। ডেভিল হান্ট অভিযানে অস্ত্র উদ্ধারের বদলে আওয়ামী লীগের নিরীহ নেতাকর্মীদের হয়রানি ও নির্যাতন করা হচ্ছে বলে মানবাধিকার সংগঠনগুলো অভিযোগ করে আসছে।

সিরাজগঞ্জ জেলা নির্বাচনকালীন সময়ে চরমপন্থি ও সর্বহারাদের তৎপরতার জন্য অতীত থেকেই আলোচিত। এর আগেও নির্বাচনের আগে প্রভাবশালী প্রার্থীরা আধিপত্য বিস্তারে এসব অস্ত্রধারী গোষ্ঠীকে ব্যবহার করেছেন বলে অভিযোগ রয়েছে। ২০২৩ সালে তাড়াশে সাবেক ইউপি চেয়ারম্যান হত্যাকাণ্ড ও বেলকুচিতে বোমা বিস্ফোরণের মামলার প্রধান আসামিরা এখনো ধরাছোঁয়ার বাইরে।

জেলা পুলিশের তথ্য অনুযায়ী, আসন্ন নির্বাচনে জেলার ১৪৮টি কেন্দ্রকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। প্রশাসন ইতোমধ্যে ১৭৫টি পুরোনো অস্ত্রের লাইসেন্স বাতিল করেছে। এর মধ্যে সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরি, তার স্বামীসহ আত্মগোপনে থাকা আওয়ামী লীগ নেতাদের মালিকানাধীন ছয়টি আগ্নেয়াস্ত্র রয়েছে।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, পুলিশের লুট হওয়া অস্ত্র উদ্ধার এবং বৈধ অস্ত্র থানায় জমা না দিলে নির্বাচনের সময় পেশিশক্তির প্রভাব ও নিরাপত্তা ঝুঁকি থেকেই যাবে।

জেলা বাসদের আহ্বায়ক নবকুমার কর্মকার বলেন, অতীতের নির্বাচনগুলোতে আগেভাগেই অস্ত্র উদ্ধারে অভিযান দেখা গেলেও এবার প্রশাসনের তৎপরতা চোখে পড়ছে না। সাম্প্রতিক হত্যাকাণ্ড ও বোমা বিস্ফোরণের ঘটনায় সিরাজগঞ্জেও ভীতিকর পরিবেশ তৈরি হয়েছে।

জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান জানান, অস্ত্র উদ্ধারে একাধিক টিম মাঠে কাজ করছে এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোর তালিকা নির্বাচন কমিশনে পাঠানো হয়েছে।

Visited 15 times, 1 visit(s) today