ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডে নেই গিল

ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডে নেই গিল
শেয়ার করুন

স্বাগতিক এবং বর্তমান চ্যাম্পিয়ন ভারত আজ আসন্ন আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে। এই দলে জায়গা পাননি তারকা ব্যাটার শুভমান গিল, তবে দলে ফিরেছেন উইকেটরক্ষক-ব্যাটার ইশান কিশান।

দল ঘোষণার আগে থেকেই গিলের টি-টোয়েন্টি ফর্ম ছিল আলোচনার কেন্দ্রবিন্দুতে। সঞ্জু স্যামসনের দুর্দান্ত ফর্মের কারণে গিলের ওপর পারফর্ম করার চাপ বাড়ছিল। তবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সদ্য সমাপ্ত হোম সিরিজে তিন ইনিংসে নিজেকে প্রমাণ করতে ব্যর্থ হওয়ায় দলে জায়গা হারিয়েছেন এই ডানহাতি ব্যাটার।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে গত ১৮ ইনিংসে গিলের কোনো ফিফটি নেই। প্রোটিয়াদের বিপক্ষে তিন ম্যাচে তিনি যথাক্রমে ৪, ০ এবং ২৮ বলে ২৮ রান করেন।

অন্যদিকে, ঘরোয়া সৈয়দ মুশতাক আলি ট্রফিতে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন ইশান। দুই বছরেরও বেশি সময় পর তিনি টি-টোয়েন্টি দলে ফিরেছেন।

তবে গিলের জায়গায় ওপেনিং স্লটে ভারত সম্ভবত সঞ্জু স্যামসনকেই বেছে নেবে, যিনি উইকেটকিপিংও করতে পারেন।
স্কোয়াডের বাকি অংশে বড় কোনো চমক নেই। সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন এই দল আগামী ৭ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে।

২০ দলের এই টুর্নামেন্টের জন্য ভারতই প্রথম দেশ হিসেবে চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করল। ভারত ও শ্রীলঙ্কায় আগামী ৭ ফেব্রুয়ারি থেকে এই আসর শুরু হতে যাচ্ছে। সহ-স্বাগতিক শ্রীলঙ্কা একদিন আগে তাদের ২৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে।

ভারত স্কোয়াড: সূর্যকুমার যাদব (অধিনায়ক), অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, তিলক বর্মা, হার্দিক পান্ডিয়া, শিভম দুবে, আকসার প্যাটেল (সহ-অধিনায়ক), রিঙ্কু সিং, জাসপ্রিত বুমরাহ, হার্ষিত রানা, আর্শদীপ সিং, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, ওয়াশিংটন সুন্দর, ইশান কিশান (উইকেটরক্ষক)।

Visited 27 times, 1 visit(s) today