বিশ্বকাপজয়ী, আইকনিক নম্বর টেন এবং দুই ভিন্ন খেলাধুলার কালজয়ী দুই তারকা—ফুটবল কিংবদন্তি লিওনেল মেসি ও ক্রিকেট মহাতারকা শচীন টেন্ডুলকার—রোববার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে এক ফ্রেমে ধরা দিলেন দুজন। আগের দিন কলকাতায় কিছুটা বিশৃঙ্খল অভিজ্ঞতার পর, মেসির চলমান তিন দিনের চার শহরের গোট ট্যুর ভারতে আবার ছন্দ খুঁজে পায় হায়দরাবাদ ও মুম্বাইয়ে।
দুপুর থেকেই স্টেডিয়ামে জড়ো হওয়া দর্শকরা উচ্ছ্বাসে ফেটে পড়েন, যখন মেসি, শচীন এবং ভারতের ফুটবল তারকা সুনীল ছেত্রী বিভিন্ন সময়ে মঞ্চে উপস্থিত হন। ইন্টার মায়ামির সতীর্থ রদ্রিগো দে পল ও লুইস সুয়ারেজকে সঙ্গে নিয়ে আসা মেসি, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের উপস্থিতিতে শচীনের কাছ থেকে একটি উপহার গ্রহণ করেন—২০১১ ক্রিকেট বিশ্বকাপে ভারতের সাবেক অধিনায়কের ঐতিহাসিক জার্সি।
শচীন এটিকে “মুম্বাই ও ভারতের জন্য একটি স্বর্ণালী মুহূর্ত” হিসেবে আখ্যা দেন। স্টেডিয়ামের চারপাশ থেকে ভেসে আসা “মেসি… মেসি… শচীন… শচীন” ধ্বনিতে ভক্তদের প্রতিক্রিয়া সেই কথারই প্রতিধ্বনি তুলে ধরে।
