বিশেষ প্রতিবেদক
গত ২৪ ঘন্টায় সারা দেশে ২ শতাধিক নতুন ডেঙ্গু রোগীকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর ফলে এ বছর এখন অব্দি ডেঙ্গুতে আক্রান্ত হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৯৯ হাজার ৬৯৩-তে পৌঁছেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ১৫ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৭৭ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৩২ জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২৪ জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ২৫ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ২৭ জন রয়েছেন।
২৪ ঘণ্টায় ২১৬ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে এ যাবত মোট ৯৭ হাজার ৮৬৯ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
চলতি বছরের ১২ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৯৯ হাজার ৬৯৩ জন। এর মধ্যে ৬২.৫ শতাংশ পুরুষ এবং ৩৭.৫ শতাংশ নারী রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। চলতি বছরে এ যাবত ডেঙ্গুতে মোট ৪০৪ জনের মৃত্যু হয়েছে।
