গত সপ্তাহেই ঢাকা-৮ আসনে জামায়াতের ‘গ্রিন সিগনাল’ পেয়েছিলেন সাদিক কায়েম

গত সপ্তাহেই ঢাকা-৮ আসনে জামায়াতের ‘গ্রিন সিগনাল’ পেয়েছিলেন সাদিক কায়েম
শেয়ার করুন

বিশেষ প্রতিবেদক

ঢাকা-৮ (মতিঝিল, শাহবাগ, রমনা, পল্টন ও শাহজাহানপুর) আসনে দলীয় প্রার্থী হিসেবে বিবেচনায় রেখেছে জামায়াতে ইসলামী। দলটির ভেতর থেকে আলোচনায় উঠে এসেছে জামায়াত-সমর্থিত ডাকসু ভিপি ও কেন্দ্রীয় ছাত্রশিবির নেতা সাদিক কায়েমের নাম। ৬ই ডিসেম্বর বিষয়টি নিশ্চিত করেছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও প্রচার–মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের।

দলীয় সূত্র জানায়, রাজনৈতিক গ্রহণযোগ্যতা, শিক্ষাঙ্গনে দীর্ঘদিনের সক্রিয়তা এবং স্থানীয় পর্যায়ে সংগঠন পরিচালনার অভিজ্ঞতার কারণে সাদিক কায়েমকে প্রার্থী তালিকার শীর্ষে রাখা হয়েছে। যদিও এখনো আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ঘোষণা করেনি জামায়াত।

এর আগে এই আসনে প্রাথমিকভাবে মনোনয়ন পেয়েছিলেন দলটির কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমীর অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন। মনোনয়ন পাওয়ার পর তিনি মাঠে সক্রিয় প্রচারণাও শুরু করেছিলেন।

তবে সাম্প্রতিক ডাকসু নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত প্যানেল থেকে ভিপি পদে বিপুল ভোটে জয়লাভ করা সাদিক কায়েম নতুন করে আলোচনায় আসায় প্রার্থী বাছাইয়ে পরিবর্তন আনা হয়।

ডাকসুর ভিপি নির্বাচনে সাদিক কায়েম সর্বোচ্চ ১৪ হাজার ৪২ ভোট পান, যেখানে নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত আবিদুল ইসলাম খান পেয়েছিলেন ৫ হাজার ৭০৮ ভোট।

এদিকে, স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা-৮ থেকে লড়াই করা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী ফেসবুকে প্রতিক্রিয়া জানিয়ে বলেন, সাদিক কায়েম অংশ নিলে নির্বাচন আরও ‘আকর্ষণীয়’ হবে।

তিনি লিখেছেন, “সাদিক কায়েম আমার ভাই। তিনি যদি ঢাকা–৮ আসনে অংশ নেন, তাহলে আমার ইলেকশন জার্নি আরও দারুণ হবে ইনশাআল্লাহ। জুলাই জজবার দুই প্রাণ একই আসনে প্রতিদ্বন্দ্বিতা করবো।”

অন্যদিকে একই আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে ইতিমধ্যেই নাম ঘোষণা করেছে বিএনপি—সাবেক মন্ত্রী ও কেন্দ্রীয় নেতা মির্জা আব্বাস।

এমন রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন এক ঘটনায় উত্তেজনা ছড়ায় এলাকায়। আজ শুক্রবার রাজধানীর পল্টনের বিজয়নগর এলাকায় গুলিবিদ্ধ হন সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক নিশ্চিত করে জানান, হাদীকে আইসিইউতে ভর্তি করা হয়েছে এবং চিকিৎসা চলছে।

গুলিবিদ্ধ হওয়ার কয়েক ঘণ্টা আগেই সকাল ১১টা ৫২ মিনিটে তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, “যেহেতু ঢাকা-৮ এ আমার পোস্টার-ফেস্টুন কিছুই নাই, তাই আমার এখন ছেঁড়া-ছিঁড়িরও চাপ নাই। দুদকের সামনে থেইকা জুম্মা মোবারক।”

ঢাকা-৮ আসনে নানা রাজনৈতিক সমীকরণ ও প্রার্থিতার জল্পনা–কল্পনার মধ্যে সাদিক কায়েমকে জামায়াতের ‘গ্রিন সিগনাল’ দেওয়া—আগামী নির্বাচনে আসনটিকে আরও আলোচিত করে তুলেছে।

Visited 103 times, 1 visit(s) today