ফেনীতে অস্ত্র ও মাদকসহ বিএনপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তার

ফেনীতে অস্ত্র ও মাদকসহ বিএনপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তার
শেয়ার করুন

জেলা প্রতিনিধি

ফেনীতে দেশিয় অস্ত্র ও তিন কেজি গাঁজাসহ জিয়াউর রহমান (৫০) নামে এক বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।

আজ ১২ই ডিসেম্বর, শুক্রবার ভোরে সদর উপজেলার মাথিয়ারা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

অস্ত্র ও মাদক আইনে মামলা করে শুক্রবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) সজল চন্দ্র দাস।

গোপন সংবাদের ভিত্তিতে ভোরে সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের মাথিয়ারা এলাকায় অভিযান চালায় সেনাবাহিনীর মহিপাল ক্যাম্পের একটি টিম। অভিযানে তালিকাভুক্ত সন্ত্রাসী ও মাদক বিক্রেতা জিয়াউর রহমানকে গ্রেপ্তার করা হয়। তিনি উত্তর মাথিয়ারা গ্রামের শফিকুর রহমানের ছেলে এবং ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক।

এসময় তার স্বীকারোক্তি অনুযায়ী বসতঘর থেকে তিন কেজি গাঁজা, ১৬টি মোবাইল সেট, ৬টি চাকু, দুইটি চাপাতি, দুইটি দা, একটি ছুরি ও তিনটি রড উদ্ধার করা হয়।

অভিযান পরিচালনাকারি মহিপাল ক্যাম্পের ক্যাপ্টেন মো. ফাতিন ইসতিয়াক বলেন, গ্রেপ্তারকৃত জিয়ার বিরুদ্ধে বহু অভিযোগ রয়েছে। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তার ঘরে অভিযান চালিয়ে মাদক, অস্ত্র, চোরাই মোবাইল ফোন এবং ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন অস্ত্রশস্ত্র জব্দ করা হয়।

Visited 17 times, 1 visit(s) today