ঢামেকে হাদীকে দেখতে গিয়ে তোপের মুখে মির্জা আব্বাস

ঢামেকে হাদীকে দেখতে গিয়ে তোপের মুখে মির্জা আব্বাস
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক

ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদী গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন। তাকে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালের জরুরি বিভাগে দেখতে এসে তোপের মুখে পড়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের বিএনপির মনোনীত প্রার্থী মির্জা আব্বাস।

শুক্রবার বিকেলে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের সামনে পৌঁছালে ভুয়া ভুয়া স্লোগান শুরু করেন ইনকিলাব মঞ্চের সদস্যরা ও হাদীর সমর্থকেরা।

ঢাকা মেডিকেলে গিয়ে দেখা যায়, মির্জা আব্বাস হাদীকে দেখতে এলে ইনকিলাব মঞ্চের সমর্থকেরা ও তার সহযোগীরা ভুয়া ভুয়া স্লোগান দিয়ে তার দিকে তেড়ে আসে। পরে সেনাসদস্যরা মির্জা আব্বাসকে নিরাপত্তা দিয়ে হাসপাতালের ভিতরে প্রবেশ করান। এ সময় নেতাকর্মীরা আরও নানা স্লোগান দিতে থাকেন। পরে তোপের মুখে নেতাকর্মীদের মানবঢাল বেষ্টিত হয়ে ঢামেক ছাড়েন মির্জা আব্বাস।

ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক (আরএস) ডা. মোশকাত আহমেদ জানিয়েছেন, সমান হাদীর অবস্থা খুবই গুরুতর। তার কানের নিচে গুলি লেগেছে।

ওসমান হাদীকে হাসপাতালে নিয়ে আসা মিসবাহ জানান, জুমার নামাজ পড়ে মতিঝিল বিজয়নগর কালভার্ট এলাকা দিয়ে রিকশা করে যাওয়ার সময় দুই ব্যক্তি মোটরসাইকেলে এসে তার ওপর গুলি চালায়। তার বাম কানের নিচে গুলি লাগে। গুলি করেই তারা পালিয়ে যায়।

এরপর ওসমান হাদীকে রিকশায় করে হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে জরুরি বিভাগের ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারে (ওসেক) চিকিৎসাধীন আছেন তিনি।

ডিএমপির মতিঝিল বিভাগের উপ-কমিশনার মোহাম্মদ হারুন অর রশিদ বলেন, পল্টন থানার এলাকার বক্স কালভার্ট রোডের ডিআর টাওয়ারের সামনে মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা রিকশায় থাকা অবস্থায় হাদীকে গুলি করে। কারা কী কারণে তাকে গুলি করেছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আমরা অপরাধীদের শনাক্তে কাজ করছি।

Visited 7 times, 1 visit(s) today