স্থানীয় সংবাদদাতা
চট্টগ্রামের মিরসরাইয়ে বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক দিদাররুল আলম মিয়াজির অনুসারী নেতাকর্মীদের দুই গ্রুপের সংঘর্ষে জুলাইযোদ্ধা খ্যাত ছাত্রদল কর্মী গাজী তাহমিদ খান (২৫) নিহত হয়েছেন।
গতকাল ১০ই ডিসেম্বর, বুধবার সন্ধ্যায় বারইয়ারহাট পৌর সদরে এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বুধবার সন্ধ্যায় বারইয়ারহাট পৌর সদরের ট্রাফিক মোড়ে বিএনপির নেতাকর্মীদের দলীয় কোন্দল সংঘর্ষে রূপ নেয়। এতে তাহমিদ গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে প্রথমে বারইয়ারহাট জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে পরবর্তীতে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়।
নিহত তাহমিদ খান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম উত্তর জেলার সমন্বয়ক ছিলেন। পরবর্তীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ (ইআবা) দলের ছাত্র শাখার জোরারগঞ্জ থানার সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ছাত্রদলে যোগদান করেন। দলের নেতাকর্মীদের হামলায় নিহত হন তিনি।
তার ফেসবুক পোস্টের স্ক্রিনশট ছড়িয়ে পড়েছে ইতিমধ্যে অন্তর্জালে। সেখানে দেখা যায় তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে অপমানজন পোস্ট করেছেন। আওয়ামী লীগের কর্মীদের ওপর মব হামলায় উস্কানি দিয়েছেন। তার এসব পোস্টের স্ক্রিনশট শেয়ার করে তার মৃত্যুর খবরে সন্তোষ প্রকাশ করতে দেখা গেছে অনেককে।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কাজী নাজমুল হক বলেন, সংঘর্ষের খবর শুনে ঘটনাস্থলে পুলিশের টহল টিম গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত একজন হাসপাতালে মারা গেছে শুনেছি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেব।

