সম্পাদকীয়
বাংলাদেশের একটি আদালত ব্রিটিশ সাংসদ টিউলিপ সিদ্দিকের অনুপস্থিতিতেই ২ বছরের সাজা ঘোষণার পর আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। বিশ্বের শীর্ষ গণমাধ্যমগুলো এই রায়কে বিচ্ছিন্ন কোনো বিচারিক ঘটনা হিসেবে দেখছে না; বরং তারা একে বাংলাদেশের বিচারব্যবস্থার বর্তমান অচলাবস্থা, রাজনৈতিক প্রতিহিংসা, আইনের শাসন ও ন্যায়বিচারের অন্ধকার ভবিষ্যত হিসেবে দেখছে।
স্কাই নিউজ, রয়টার্স, দ্য গার্ডিয়ান, বিবিসি, দ্য স্ট্যান্ডার্ড, আল-জাজিরাসহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনগুলো একই সুরে জানিয়েছে রায়টি অত্যন্ত বিতর্কিত, প্রক্রিয়াগতভাবে প্রশ্নবিদ্ধ এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
রয়টার্স তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে, “বাংলাদেশের একটি আদালত ব্রিটিশ এমপিকে অনুপস্থিত অবস্থায় দণ্ড দিলেও মামলার প্রকৃতি, অভিযোগের ভিত্তি এবং প্রমাণের স্বচ্ছতা নিয়ে বহু প্রশ্ন রয়ে গেছে।”
স্কাই নিউজ তাদের প্রতিবেদনে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে এই রায়টিকে ‘হাস্যকর ও রাজনৈতিক প্রতিহিংসা’ বলে বর্ণনা করেছে।
রায় ঘোষণার পর টিউলিপ সিদ্দিক বলেছেন, “এই পুরো প্রক্রিয়াটা শুরু থেকে শেষ পর্যন্ত ত্রুটিপূর্ণ ও হাস্যকর ছিল।”
তিনি আরও বলেন, “এই ক্যাঙ্গারু কোর্টের ফলাফল যেমন অনুমেয়, তেমনই অযৌক্তিক।” এই রায়কে ‘ত্রুটিপূর্ণ ও প্রহসনসুলভ’ বলে উড়িয়েও দিয়েছেন তিনি।
পাশাপাশি, তিনি বলেছেন যে পুরো প্রক্রিয়ায় তিনি বা তার আইনজীবীদের সঙ্গে কোনো যোগাযোগ করা হয়নি; চার্জশিট বা দায়ের কপি, কোনো বার্তায়ও তার আইনজীবীদের হাতে পৌঁছায়নি।
টিউলিপ দৃঢ়তার সাথে জনান, তিনি “লণ্ডনের Hampstead ও Highgate–এর ভোটারদের দায়িত্ব পালন করতেই মনোযোগ দিচ্ছেন” এবং তিনি “বাংলাদেশের এ ধরনের নোংরা রাজনীতি” থেকে নিজেকে দূরেই রাখবেন।
বিশ্বরাজনীতিতেও এমন একটি রায়ের প্রতিক্রিয়াও প্রবল। ব্রিটেনের লেবার পার্টি পর্যন্ত এই রায়কে নিন্দা জানিয়ে বলেছে, এটি “বিচার প্রক্রিয়ার অপব্যবহার।”
ব্রিটিশ সংসদের বেশ কয়েকজন সদস্যও এই ঘটনার তীব্র সমালোচনা করেছেন, যা স্পষ্ট করে দেয় যে ঘটনাটি কেবল আদালতের রায় নয়, এটি দুই দেশের কূটনৈতিক সম্পর্কেও আলোড়ন তুলেছে।
আন্তর্জাতিক গণমাধ্যম এবং বিশ্বনেতাদের প্রতিক্রিয়ায় একটি বিষয় স্পষ্ট, এই রায় বাংলাদেশের জন্য শুধু একটি বিচারিক সিদ্ধান্ত নয়; এটি একটি অশনি সংকেতও। এটি একটি রাষ্ট্রের বিচারব্যবস্থা, রাজনৈতিক পরিবেশের স্বচ্ছতা এবং আইনের শাসন কতটা নষ্ট হয়ে গেছে, তারই প্রতিচ্ছবি।
অন্যদেশের জাতীয় সংসদের একজন মন্ত্রী ও সদস্যকে এভাবে অভিযুক্ত ও কারাদণ্ড দেওয়া অত্যন্ত বিরল ঘটনা, যা স্বাভাবিকভাবেই বৈশ্বিক দৃষ্টি আকর্ষণ করেছে। মানবাধিকার সংগঠনগুলোও বলছে, এটি বাংলাদেশের বিচারিক ব্যবস্থার গুরুতর সংকটের ইঙ্গিত বহন করছে।
বিশ্লেষকদের মতে, এই ধরনের রায়ের মাধ্যমে বাংলাদেশ ধীরে ধীরে আইনের শাসনহীন, স্বেচ্ছাচারী ও অন্ধকার প্রশাসনিক বাস্তবতার দিকে এগিয়ে যাচ্ছে, যেখানে বিচারব্যবস্থা প্রতিহিংসা, বিদ্বেষ আর রাজনৈতিক শক্তির বলয়ে আবদ্ধ হয়ে পড়েছে।
টিউলিপ সিদ্দিকের অনুপস্থিতিতে এমন দণ্ড ঘোষণা এখন শুধু একটি আদালতের রায় নয়; এটি একটি রাষ্ট্রের ভবিষ্যতের সতর্ক সংকেত। বিচারব্যবস্থার স্বচ্ছতা এবং আইনের শাসনের প্রতি অসম্মান।
আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিক্রিয়াই প্রমাণ করছে, বাংলাদেশ একটি ক্রান্তিকালের দোরগোড়ায় দাঁড়িয়ে আছে। এমতাবস্থায় দেশের জনগণ সোচ্চার না হলে দেশ আরও গভীর অন্ধকারে তলিয়ে যাবে।
