বাংলাদেশের ফুটবলে স্পনসরশিপের দাবি অস্বীকার করল পেট্রোনাস

বাংলাদেশের ফুটবলে স্পনসরশিপের দাবি অস্বীকার করল পেট্রোনাস
শেয়ার করুন

এ যেন বিশাল এক লজ্জাজনক পরিস্থিতিতে পড়ল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বাফুফেকে এমন পরিস্থিতিতে ফেললেন সহ সভাপতি ফাহাদ করিম। বিশ্বখ্যাত পেট্রোনাস বাংলাদেশের ফুটবলে স্পন্সর হচ্ছে বলে খবর দিয়েছিলেন তিনি। কিন্তু খোদ সেই কোম্পানি উড়িয়ে দিল এই খবর।

সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে মালয়েশিয়ার তেল ও গ্যাস অনুসন্ধান ও উৎপাদনকারী সংস্থাটি এই দাবি অস্বীকার করেছে। বাফুফে গত ২৬ সেপ্টেম্বর শুরু হওয়া বাংলাদেশ ফুটবল লীগের লোগো প্রকাশ করেছিল, যেখানে পেট্রোনাসের প্রতীক (insignia) ব্যবহার করা হয়, সংস্থাটিকে শীর্ষ স্তরের এই লীগের টাইটেল স্পনসর হিসেবে দাবি করা হয়েছিল।

তখন বাফুফে সহ-সভাপতি ঢাকঢোল পিটিয়ে বলেছিলেন, ‘আমরা দুই মাসেরও বেশি আগে (ইউনাইটেড গ্রুপের সাথে) চুক্তি স্বাক্ষর করেছিলাম। কিন্তু ইউনাইটেড গ্রুপ তাদের কোন পণ্যটিকে লীগের সামনে নিয়ে আসবে, তা ঠিক করতে কিছুটা সময় নেওয়ায় ঘোষণাটি বিলম্বিত হয়েছে।’

তবে, পেট্রোনাস তাদের মিডিয়া রিলিজে বলেছে, ‘বাংলাদেশ ফুটবল লীগের কথিত টাইটেল স্পনসরশিপ সম্পর্কিত সাম্প্রতিক কিছু সোশ্যাল মিডিয়া পোস্ট সম্পর্কে পেট্রোনাস অবগত হয়েছে। আমরা নিশ্চিত করতে চাই যে, পেট্রোনাস বাংলাদেশ ফুটবল লীগের জন্য কোনো স্পনসরশিপ চুক্তিতে প্রবেশ করেনি, এবং এই লীগের সঙ্গে সম্পর্কিত আমাদের নাম বা ব্র্যান্ড ব্যবহারের জন্য আমরা কোনো অনুমোদনও দেইনি। পেট্রোনাস আমাদের ব্র্যান্ডের অখণ্ডতাকে গুরুত্ব সহকারে দেখে এবং আমরা যেখানে কার্যক্রম পরিচালনা করি সেখানে আমাদের অংশীদার ও কমিউনিটির কাছে মূল্য পৌঁছে দেওয়ার দিকেই মনোনিবেশ করে।’

Visited 14 times, 1 visit(s) today