আর্থিক জোর নেই, তাই ৮ কোম্পানি আবেদন করলেও মাত্র ৫টিকে বিপিএলের জন্য বেছে নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বলা হয়েছিল এই পাঁচটি সময়মত ১০ কোটি টাকার ব্যাংক গ্যারান্টি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। কিন্তু ডেডলাইন তিন দফা পেরিয়ে গেলেও কারো কাছ থেকে ব্যাংক গ্যারান্টি বুঝে পায়নি বিসিবি।
খেলোয়াড় সংশ্লিষ্টদের পারিশ্রমিক নিশ্চিত করতে ব্যাংক গ্যারান্টি নিতে চায় বিসিবি। কিন্তু অংশ নেওয়া কেউই তা দিতে পারছে না। এদিকে আরও একবার সময় পেছানোয় পিছিয়ে গেছে বিপিএলের নিলামের তারিখ। এখন নতুন তারিখ ঠিক করা হয়েছে ২৩ নভেম্বর।
বিপিএলে এবার অংশ নিতে যাচ্ছে বসুন্ধরা কিংসের টগি স্পোর্টস, যাদের মালিকানায় রংপুর রাইডার্স খেলবে। বসুন্ধরার দুজন আছেন বিসিবির পরিচালক। কাজেই তাদের জোরও করতে পারছে না বিসিবি।
এছাড়া চট্টগ্রাম র্যায়ালসের মালিকানায় ট্রায়াঙ্গেল সার্ভিসেস লি.। রাজশাহী ওয়ারিয়র্সের মালিকানায় নাবিল গ্রুপ, ঢাকা ক্যাপিটালসের মালিকানায় চ্যাম্পিয়ন স্পোর্টস ও সিলেট টাইগার্সের মালিকানায় আছে জেএম স্পোর্টস।
এরা কেউ এখনো ব্যাংক গ্যারান্টি না দেওয়ায় হতাশা প্রকাশ করেন বিপিএল গর্ভানিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু।
অংশ নেওয়া দলগুলোর কাছ থেকে জানা গেছে, দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি খারাপ হওয়ায় তারা আছে অনিশ্চয়তায়। এই অবস্থায় কোন বড় সিদ্ধান্ত নিতে পারছে না তারা।
সব মিলিয়ে আরও একটি অপেশাদার বিপিএলের মঞ্চ প্রস্তুত। এবার বিপিএলে অংশ নিবে ইতিহাসের সহচেয়ে কম মাত্র ৫ দল। প্রতিদ্বন্দ্বিতার আভাস তাই এমনিতেও নেই।
