আর্মেনিয়াকে ৯-১ গোলে উড়িয়ে বিশ্বকাপে পর্তুগাল

আর্মেনিয়াকে ৯-১ গোলে উড়িয়ে বিশ্বকাপে পর্তুগাল
শেয়ার করুন

ক্রিশ্চিয়ানো রোনালদোকে ছাড়াই আর্মেনিয়াকে ৯-১ ব্যবধানে বিধ্বস্ত করে ২০২৬ বিশ্বকাপের মূলপর্ব নিশ্চিত করেছে পর্তুগাল। রবিবার পোর্তোতে অনুষ্ঠিত গ্রুপ–এফের ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডের ব্রুনো ফার্নান্দেস ও পিএসজির জোয়াও নেভেস হ্যাটট্রিক করেন।

রেনাতো ভেইগা গোলের সূচনা করেন পর্তুগালের হয়ে। স্কোরশিটে নাম তোলেন গনসালো রামোস ও ফ্রান্সিসকো কনসেইসাঁওও। অক্টোবরে হাঙ্গেরির সঙ্গে ড্র এবং বৃহস্পতিবার আয়ারল্যান্ডের বিপক্ষে অপ্রত্যাশিত হারের ম্যাচে রোনালদো লালকার্ড পাওয়ার পর অবশেষে গ্রুপের শেষ ম্যাচে এসে যোগ্যতা নিশ্চিত করল পর্তুগাল।

টানা সপ্তমবারের মতো বিশ্বকাপে খেলতে যাচ্ছে ইউরো ২০১৬–এর চ্যাম্পিয়নরা—রোনালদোদের যদিও এখনও বিশ্বকাপ জয়ের স্বাদ পাওয়া হয়নি।

ম্যানচেস্টার ইউনাইটেড মিডফিল্ডার ফার্নান্দেস দুর্দান্ত ছন্দে শুরু থেকেই ছড়িয়ে দিচ্ছিলেন আলো। সপ্তম মিনিটেই গোল করে লিড নেয় পর্তুগাল। বাঁ দিকের ডান প্রান্ত থেকে ফার্নান্দেসের নেওয়া তীব্র ইনসুইং ফ্রি–কিক পোস্টে লেগে ফিরে আসে, ফিরতি বলে হেড করে গোল করেন ভেইগা।

প্রথম আক্রমণেই অতিথিরা সমতায় ফেরে—গ্রান্ট-লিয়ন রানোসের ক্রস থেকে নিখুঁত শটে গোল করেন আর্মেনিয়ার অধিনায়ক এডুয়ার্ড স্পের্টসিয়ান।
তবে এরপরই পর্তুগাল গতি বাড়িয়ে ম্যাচ পুরোপুরি নিজেদের করে নেয়। পিএসজি ফরোয়ার্ড রামোস প্রতিপক্ষের ব্যাকপাস কেটে নিয়ে গোলরক্ষককে কাটিয়ে জাল খুঁজে নেন।

তৃতীয় গোলটি আসে দারুণ এক আক্রমণ সাজিয়ে। ফার্নান্দেসের পাস থেকে বক্সের কোণা থেকে জোরালো শটে স্কোর করেন নেভেস। ফ্রি–কিক থেকে দুর্দান্ত এক বাঁক নেওয়া শটে নিজের দ্বিতীয় গোল করেন নেভেস—ডান কোণের ওপরের জালে বল জড়ালে কোনো কিছু করার ছিল না গোলরক্ষকের।

প্রথমার্ধের যোগ করা সময়ে রুবেন দিয়াস ফাউল হওয়ায় পেনাল্টি পায় পর্তুগাল, যা নিচু শটে গোল করেন ফার্নান্দেস।

বিরতির পরও ছন্দ ধরে রাখেন তিনি—রামোসের পাস থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন। ডেবিউ করা বদলি কার্লোস ফোর্বসকে ফাউল করার পর পাওয়া পেনাল্টি থেকে পূর্ণ করেন হ্যাটট্রিক।

এরপর ভেইগার হেড থেকে বল পেয়ে ভলিতে অসাধারণ শটে পর্তুগালের অষ্টম গোলটি করেন নেভেস।

স্টপেজ টাইমে জুভেন্টাস ফরোয়ার্ড কনসেইসাঁও নবম গোলটি করে দেশের ইতিহাসের অন্যতম বড় জয় নিশ্চিত করেন।

গ্রুপ–এফের অন্য ম্যাচে আয়ারল্যান্ড দারুণভাবে হাঙ্গেরিকে ৩-২ গোলে হারিয়ে প্লে-অফ নিশ্চিত করেছে।

Visited 14 times, 1 visit(s) today