নিবন্ধন না হওয়ার নেপথ্যে ‘চোর ছাত্র উপদেষ্টাদের’ বাধা
নিজস্ব প্রতিবেদক
বিতর্কিত ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমীনের নেতৃত্বে বাংলাদেশ আম জনগণ পার্টিকে নিবন্ধন দিলেও তরুণদের জনপ্রিয় দল বাংলাদেশ আমজনতার দলের নিবন্ধন না পাওয়ায় টানা ৭১ ঘন্টা অনশন করছেন দলটির সদস্য সচিব তারেক রহমানের অনশন আজ শুক্রবার পর্যন্ত ৭১ ঘণ্টা অতিক্রম করেছে।
শুক্রবার দুপুরে অনশনস্থল নির্বাচন কমিশন ভবনের সামনে তিনি বলেন, “জুলাইয়ের পর ‘৭১’ শব্দটা নানাভাবে মুছে দেওয়ার চেষ্টা করা হয়েছে। কারা করেছে, আপনারা জানেন। এজন্য আমি কষ্ট করে হলেও এই পর্যন্ত আসতে চেষ্টা করেছি, এখন আরও থাকতে হয়েছি। একাত্তরকে মুছে ফেলা যায় না।”
তারেকের ভাষ্য, চোর ছাত্র উপদেষ্টাদের ফোনকলে তার দলের নিবন্ধন প্রক্রিয়া বন্ধ করে দেওয়া হয়েছে।
দলীয় সূত্র জানায়, অনশন ভাঙাতে দলের নেতারা চেষ্টা করলেও তিনি রাজি হননি। ডাক্তারের পরামর্শে তাকে স্যালাইন দেওয়ার অনুরোধও তিনি প্রত্যাখ্যান করেছেন।
রাজনৈতিক মহল প্রশ্ন তুলেছে, “ডেসটিনির মতো প্রতিষ্ঠানের প্রধানকে বৈধতা দিয়ে ইসি নিজেই জনগণের আস্থা হারাচ্ছে।”
গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন বলেন, “ডেসটিনির মতো জনগণের পকেট কাটা প্রতিষ্ঠানের এমডির গড়া দলকে নিবন্ধন দেওয়া মানে ইসির বিশ্বাসযোগ্যতায় আঘাত।”
নিরাপত্তা বিশ্লেষক আমিনুল হক মনে করেন, “যে ব্যক্তি অর্থ আত্মসাৎ করে জেলে ছিলেন, তার হাতে দলের নিবন্ধন তুলে দেওয়া ইসির চরম নৈতিক ব্যর্থতা।”
গণঅধিকার পরিষদ, সাম্যবাদী দল, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন ও সমাজকল্যাণ পরিষদসহ বিভিন্ন সংগঠন অনশনস্থলে সংহতি জানিয়েছে। তারা বলছেন, “যে দেশে লুটেরা বৈধতা পায়, সেখানে জনগণের রাজনীতি বঞ্চিত হয়।”
শুক্রবার সন্ধ্যায় তারেক রহমানের স্বাস্থ্য অবস্থা অবনতির দিকে যাচ্ছে বলে জানিয়েছেন দলের চিকিৎসক সদস্যরা। তবে তিনি ঘোষণা দিয়েছেন, “দাবি আদায় না হওয়া পর্যন্ত অনশন চলবে।”
রফিকুলের রাজনৈতিক উত্থান: জেল থেকে মুক্তি, তারপর দল গঠন
আদালতের নথি অনুযায়ী, রফিকুল আমীন ২০১২ সালে অর্থপাচার মামলায় গ্রেপ্তার হন এবং ৪,০০০ কোটি টাকারও বেশি অর্থ আত্মসাতের অভিযোগে কারাভোগ করেন। তিনি ২০২৪ সালের আগস্ট পর্যন্ত কারাগারে ছিলেন।
আওয়ামী লীগ সরকারের পতনের সময়ও তিনি জেলে ছিলেন। সরকার পরিবর্তনের পর তিনি রাজনৈতিক প্রভাব খাটিয়ে মুক্তির সুযোগ পান। কারা কর্মকর্তাদের পরামর্শে রাজনৈতিক দলের সুপারিশের ভিত্তিতে মুক্তি পেতে উদ্যোগ নেন রফিকুল।
এরপর ২০২৫ সালের ১৭ই এপ্রিল তিনি নিজেকে আহ্বায়ক ও ফাতেমা তাসমিনকে সদস্য সচিব করে নতুন দল বাংলাদেশ আম জনগণ পার্টি ঘোষণা করেন।
ডেসটিনি গ্রুপের ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীরা তখন নির্বাচন ভবনের সামনে মানববন্ধন করে রফিকুলের নিবন্ধনের বিরোধিতা করেন। ক্ষতিগ্রস্ত মুহিবুব জামান বলেন, “যে ব্যক্তি গাছ বিক্রির নামে আমাদের টাকা নিয়েছে, তাকে এখন রাজনীতি করার সুযোগ দেওয়া হচ্ছে— এটা জনগণের সঙ্গে প্রতারণা।”
