বাংলাদেশি ট্রলারসহ ৬ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি

বাংলাদেশি ট্রলারসহ ৬ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক

সাগরে মাছ ধরা শেষে কক্সবাজারের টেকনাফ ঘাটে ফেরার পথে একটি বাংলাদেশি মাছ ধরার ট্রলার ও তাতে থাকা ৬ জেলেকে আটক করেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী সংগঠন আরাকান আর্মি। ইউনূস সরকার ক্ষমতায় আসার পর নাইক্ষ্যংদিয়া এলাকা আরাকান আর্মির নিয়ন্ত্রণে রয়েছে বলে জানান স্থানীয়রা।

গতকাল বিকেলে মিয়ানমারের নাইক্ষ্যংদিয়া এলাকার কাছাকাছি জলসীমা থেকে ট্রলারটি আটক করা হয়। ওই এলাকাটি গত এক বছরেরও বেশি সময় ধরে আরাকান আর্মির নিয়ন্ত্রণে রয়েছে বলে স্থানীয় জেলেরা নিশ্চিত করেছেন।

টেকনাফ কায়কখালী ঘাট ট্রলার মালিক সমিতির সভাপতি সাজেদ আহমেদ জানান, আব্দুল মতলবের মালিকানাধীন ট্রলারটি সাগরে মাছ ধরা শেষে ঘাটে ফিরছিল। ফেরার পথে খারাপ আবহাওয়ার কারণে ট্রলারটি মিয়ানমারের জলসীমার কাছাকাছি গেলে আরাকান আর্মির সদস্যরা সেটি জব্দ করে।

তিনি আরও জানান, বর্তমানে স্থানীয় জেলেদের সংকট থাকায় ওই ট্রলারে রোহিঙ্গাদের কাজ করতে দেওয়া হয়েছিল।

এদিকে মিয়ানমারের রাখাইনভিত্তিক সংবাদমাধ্যম গ্লোবাল আরাকান নেটওয়ার্ক তাদের ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যমে খবর প্রকাশ করে দাবি করেছে যে, তারা ‘বাংলাদেশি ট্রলার ও ৬ বাংলাদেশি জেলেকে’ আটক করেছে।

তবে স্থানীয় সূত্র বলছে, আটক জেলেরা রোহিঙ্গা নাগরিক এবং তারা বাংলাদেশে বসবাসরত।

ঘটনাটি নিয়ে এখনো পর্যন্ত বাংলাদেশের কোনো সরকারি সংস্থা বা কোস্ট গার্ডের আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

Visited 4 times, 1 visit(s) today