সৌদিতে সঙ্গীতচর্চা এবং নারী স্বাধীনতায় নবযুগের সূচনা, নেওয়া হলো বড় পদক্ষেপ

সৌদিতে সঙ্গীতচর্চা এবং নারী স্বাধীনতায় নবযুগের সূচনা, নেওয়া হলো বড় পদক্ষেপ
শেয়ার করুন

আন্তর্জাতিক

রক্ষণশীলতার দীর্ঘ ঐতিহ্য ভেঙে সমাজে বড় পরিবর্তনের পথে হাঁটছে সৌদি আরব। বিশেষ করে নারীদের বিষয়ে দেশটি একের পর এক নতুন সিদ্ধান্ত নিচ্ছে, যা অনেক ক্ষেত্রেই পশ্চিমা ধাঁচের। ইসলামের পবিত্র ভূমি হয়েও সেখানে এমন পরিবর্তন কারো কারো কাছে বিস্ময়কর। নবি মোহাম্মদের জন্মভূমিতে নাচ-গান, কনসার্ট ও চলচ্চিত্র প্রদর্শনী এবং নারী স্বাধীনতার মতো ধর্মীয়ভাবে ‘নিষিদ্ধ’ কর্মকাণ্ডকে উন্মুক্ত করে দেওয়া হয়েছে।

সৌদি যুবরাজ ও ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান সৌদিকে ইউরোপীয় মডেলের আধুনিক রাষ্ট্রে রূপ দিতে চান। তেলনির্ভর অর্থনীতি থেকে বেরিয়ে এসে তিনি এখন খেলাধুলা, সংস্কৃতি এবং বিদেশি বিনিয়োগের দিকে জোর দিচ্ছেন। নারীদেরও তিনি পশ্চিমা সংস্কৃতির সঙ্গে তাল মেলাতে উৎসাহিত করছেন—ফলে তারা এখন গাড়ি চালাতে পারছেন, খেলাধুলায় অংশ নিচ্ছেন এবং পুরুষ অভিভাবক ছাড়াই বিদেশে ভ্রমণের অনুমতিও পাচ্ছেন।

সংস্কৃতির ক্ষেত্রেও দেশটি পিছিয়ে না থাকার উদ্যোগ নিয়েছে। ২০২৩ সালে রিয়াদের কিং সৌদ বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো একটি আর্টস কলেজ প্রতিষ্ঠা করে সংস্কৃতি মন্ত্রণালয়, যেখানে সঙ্গীত, নাটক, চিত্রকলা এবং অন্যান্য শিল্পবিষয়ে উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ তৈরি হয়। পাশাপাশি শিশুদের ছোটবেলা থেকেই শিল্পচর্চায় উৎসাহিত করতে কিন্ডারগার্টেন পর্যায়ে চালু করা হয়েছে সঙ্গীত শিক্ষা।

এই উদ্যোগের অংশ হিসেবে প্রথম ধাপে ১২ হাজার নারী শিক্ষককে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। এবার দ্বিতীয় ধাপে আরও ১৭ হাজার নারী শিক্ষক নিয়োগের পরিকল্পনা করছে সৌদি সরকার। তারা দেশের বিভিন্ন কিন্ডারগার্টেন ও প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের সঙ্গীত শিক্ষা দেবেন—গান, তাল-লয়, বাদ্যযন্ত্রের ব্যবহার এবং স্থানীয় লোকসঙ্গীত শেখাবেন, যাতে শিশুরা সৃজনশীলতা ও মননশীলতায় বিকশিত হতে পারে।

তবে এই সংস্কারমুখী পদক্ষেপগুলোকে ঘিরে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের উগ্রবাদী মুসলিমদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তারা মনে করেন, নবির জন্মভূমিতে ধর্মীয় মূল্যবোধের পরিপন্থী কর্মকাণ্ড কখনোই গ্রহণযোগ্য নয়। যদিও সৌদি সাধারণ মানুষের প্রতিক্রিয়া ভিন্ন। তারা বরং যুবরাজের পদক্ষেপে খুশি। পরিবর্তনকে ইতিবাচক দৃষ্টিতে দেখছেন তারা।

Visited 41 times, 1 visit(s) today