নির্বাচনের কারণে পেছানো হলো মুসিলমদের দ্বিতীয় বৃহত্তম সমাবেশ বিশ্ব ইজতেমার তারিখ

নির্বাচনের কারণে পেছানো হলো মুসিলমদের দ্বিতীয় বৃহত্তম সমাবেশ বিশ্ব ইজতেমার তারিখ
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক

হজের পর মুসলিম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জমায়েত আখ্যা দেওয়া হয় বাংলাদেশে অনুষ্ঠিত বিশ্ব ইজতেমাকে। যার দিকে নজর থাকে সমগ্র মুসলিম বিশ্বের। কিন্তু আগামী বছরের বিশ্ব ইজতেমার দিন-ক্ষণ পেছানো হলো জাতীয় সংসদ নির্বাচনের কারণে।

এ ঘোষণা দিয়েছেন ধর্মবিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। আজ ২রা নভেম্বর, রোববার তাবলিগ জামাতের বিবদমান দুই পক্ষের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা জানান।

বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, শিল্প এবং গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি উপস্থিত ছিলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, তাবলিগ জামাতের দুই পক্ষই নির্বাচনের পর ইজতেমা অনুষ্ঠানের ব্যাপারে একমত হয়েছেন।

তিনি বলেন, ইজতেমার আয়োজন করতে হলে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুলসংখ্যক সদস্য মোতায়েন করতে হয়। কিন্তু নির্বাচনের আগে আইনশৃঙ্খলা বাহিনীর এতসংখ্যক সদস্যকে সেখানে মোতায়েন করা সম্ভব নয়। এ জন্য উভয় পক্ষ নির্বাচনের পর বিশ্ব ইজতেমা অনুষ্ঠানের বিষয়ে একমত পোষণ করেছেন।

যদিও বৈঠকের পর উভয়পক্ষের লোকজনকেই অসন্তষ্ট দেখা যায়। গণমাধ্যমকর্মীরা তাদের কাছে বিস্তারিত জানতে চাইলেও কেউ মুখ খুলতে রাজি হননি। নির্বাচনের কারণে ইজতেমার দিন-ক্ষণ পেছানোর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে ব্যাপক সমালোচনা।

Visited 7 times, 1 visit(s) today