আন্তর্জাতিক
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের তীব্র সমালোচনা করেছেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। তার দাবি, ট্রাম্পের কারণেই দেশ এখন অন্ধকারে নিমজ্জিত। এছাড়াও ট্রাম্প প্রশাসনকে আইনশৃঙ্খলা ও বিবেচনাশূন্যতার প্রতীক হিসেবে আখ্যায়িত করেছেন তিনি।
ডেমোক্র্যাট দলের অন্যতম প্রভাবশালী নেতা ওবামা ভার্জিনিয়ার গভর্নর প্রার্থী অ্যাবিগেইল স্প্যানবার্জার এবং নিউ জার্সির মিকি শেরিলের নির্বাচনী র্যালিতে যোগ দেন গতকাল। সেখানে নরফোকের ওল্ড ডমিনিয়ন বিশ্ববিদ্যালয়ে উচ্ছ্বাসিত জনতার উদ্দেশে বক্তৃতা দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।
বারাক ওবামা বলেন, সত্যি বলতে আমাদের দেশ এবং নীতি বর্তমানে একটি অন্ধকার জায়গায় রয়েছে। এই হোয়াইট হাউজ প্রতিদিন নতুনভাবে আইনশৃঙ্খলাহীনতা, বিবেচনাশূন্যতা, কু-চিন্তাশীলতা এবং নিছক পাগলামি প্রদর্শন করছে।
বারাক ওবামা এসময় প্রেসিডেন্ট ট্রাম্পের নীতির- বিশেষ করে, শুল্ক নীতি ও যুক্তরাষ্ট্রের শহরগুলোতে ন্যাশনাল গার্ড মোতায়েনের সিদ্ধান্তের সমালোচনা করেছেন। একইসঙ্গে তিনি এসব পদক্ষেপকে বিশৃঙ্খল ও ভ্রান্তি হিসেবে আখ্যায়িত করেছেন।
কংগ্রেসের রিপাবলিকানদের দোষারোপ করে ওবামা বলেন, তারা ট্রাম্পকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছেন, এমনকি যখন তারা জানতেন তিনি (ট্রাম্প) সীমার বাইরে যাচ্ছেন। ওবামা হোয়াইট হাউজকে হ্যালোইনের সঙ্গে তুলনা করে বলেন, এখানে যেন প্রতিদিনই হ্যালোইন চলছে— তবে সবই ধোঁকা, কোনো আনন্দ নেই।
ট্রাম্পকে বিদ্রুপ করে ওবামা বলেন, সত্যি বলতে তিনি কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মনোযোগ দিয়েছেন — যেমন রোজ গার্ডেনের মাটি যেন জুতো ময়লা না করুক এবং ৩ কোটি ডলারের বলরুম তৈরি করা।
সমাপনী বক্তৃতায় ওবামা ভোটারদেরকে ‘সত্য, সহানুভূতি এবং গণতন্ত্রের পক্ষে দাঁড়ানোর’ আহ্বান জানিয়ে বলেন, গণতন্ত্র এক রাতের মধ্যে লোপ পায় না — এটি ধীরে ধীরে ক্ষয় হয় যখন মানুষ নজরদারি বন্ধ রাখে। আমাদের দায়িত্ব হলো প্রতিরোধ করা এবং যা সঠিক তা রক্ষা করা।
