মতামত।। ভারতের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা চুক্তি, বাংলাদেশের ভাগ্যে কী ঘটতে যাচ্ছে?

মতামত।। ভারতের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা চুক্তি, বাংলাদেশের ভাগ্যে কী ঘটতে যাচ্ছে?
শেয়ার করুন

-শাহ্‌ ওয়ায়েজ ও মৃণ্ময় সেন

প্রথমত বলে রাখি, মাননীয় প্রধানমন্ত্রী জাতির জনক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার একজন অন্ধ ভক্ত হিসেবে, তার চিন্তাভাবনা আমি সূক্ষ্মভাবে বিশ্লেষণ করি এবং তার পদাঙ্কই অনুসরণ করে থাকি। গণিতের নিয়ম অনুযায়ী দুই এ দুই আমি চারই দেখি, বাইশ নয়!

তো, খুব সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের সাথে ভারতের একটি বহুল আলোচিত ১০ বছরের সামরিক চুক্তি সম্পন্ন হলো। এতে একজন বাংলাদেশী হিসেবে কতটুকু স্বপ্ন দেখতে পারি তা নিয়েই আজকের লেখা। আমি আমার সম্পূর্ণ লেখাকে দুইটি পর্যায়ে ভাগ করেছি। প্রথম পর্যায়ে বাংলাদেশের জন্য খারাপ। আর দ্বিতীয় পর্যায়ে আলোচনা করবো বাংলাদেশের জন্য ভালো নিয়ে।

বাংলাদেশের জন্য খারাপ।

একথা অনস্বীকার্য যে, স্বাধীনতাপূর্ববর্তী সময় থেকেই ভারত আমাদের জন্য একটি বন্ধুত্বপরায়ণ রাষ্ট্র। এই দেশটি আমাদের স্বাধীনতা সহায়তার হাত বাড়িয়ে দিয়েছিলো বলেই স্বাধীনতাপ্রাপ্তির পথটা আরও মসৃণ হয়েছিলো। তবে খেয়াল করে দেখেন, আমি “বন্ধুত্বপরায়ণ” শব্দটি ব্যবহার করেছি, “বন্ধু” রাষ্ট্র নয়! বন্ধুত্বপরায়ণ আর বন্ধু একই অর্থ বহন করেনা। পররাষ্ট্রনীতির ভাষাতে প্রতিবেশী রাষ্ট্রের সাথে বন্ধুত্বপরায়ণতা গুরুত্বপূর্ণ, বন্ধুত্ব নয়!

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিগত ১৫ বছরের শাসন আমল পর্যালোচনা করলে দেখা যায়, তিনি খুব কৌশলের সাথে প্রতিটি রাষ্ট্রের সাথে বন্ধুত্বপরায়ণ ছিলেন, তবে কখনই “বন্ধুর” মতো আচরণ করেননাই। একটা সময় ইউ এস এর নির্বাচন হলেই, দেশের রাজনীতিবিদেরা নির্বাচনের ফলাফলের আগেই তেলের ডিব্বা খুলে হাজির হতেন। শেখ হাসিনার আমলে এইটা দেখা যায়নাই। উনার প্রতিরক্ষা কৌশল এতটাই মজবুত ছিল যে, তার সম্পর্কে মন্তব্য করতে বিশ্বনেতাদের দুইবার ভাবতে হয়।

প্রসঙ্গে ফিরে আসি, যুক্তরাষ্ট্রের সাথে ভারতের প্রতিরক্ষা চুক্তিতে আমাদের উদ্বেলিত হওয়া কতটা যুক্তিযুক্ত?

ভারতের পরীক্ষিত বন্ধু শেখ হাসিনার সবচেয়ে খারাপ সময়ে ভারত তাকে আশ্রয় দিয়েছে। আর সাথে দিয়েছে যোগাযোগ করার স্বাধীনতা। প্রশ্ন থাকতে পারে, বাংলাদেশের এত খারাপ পরিস্থিতি হবে এইটা কি ভারত জানতো না? যেখানে রাশিয়া ডিসেম্বর ২০২৩ এর নির্বাচনের আগেই শেখ হাসিনা সরকারকে সতর্ক করেছিলো “কালার রেভোলুশন”এর ব্যাপারে, সেখানে আসলে ভারতের কী ভূমিকা রেখেছিলো?

এইখানেই বন্ধুত্বপরায়ণ আর বন্ধুর মধ্যে পার্থক্য। শেখ হাসিনার নেতৃত্বে একটি পুঁচকে দেশ তড়তড় করে এগিয়ে যাচ্ছে এইটা এত তাড়াতাড়ি হজম করে ফেলার মতো বোকা রাষ্ট্র ভারত নয়! কোন রাষ্ট্রই পররাষ্ট্রনীতির কৌশল হিসেবে এইটা ভালো চোখে দেখবে না। তবে, যেহেতু শেখ হাসিনার পররাষ্ট্রনীতিতে ভারতের প্রতি বন্ধুত্বপরায়ণ ছিলেন তাই, ভারত তাকে আশ্রয় দিয়ে অথবা শেষ সময় রেসকিউ দিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

বৃহৎ রাষ্ট্রের আচরণই এমন। এটাকে মেনে নিয়েই কৌশলে পথ চলতে হয়। তবে, দেশের মানুষের চরম বেইমানি, রাজনীতিবিদদের সীমাহীন লোভ আর আন্তর্জাতিক ষড়যন্ত্রের সুযোগটিই ভারত গ্রহণ করেছে। যখন এক পরিবারের মধ্যে লোভ আর হিংসা কাজ করে, তখন প্রতিবেশী সেই সুযোগ গ্রহণ করে যেন পরিবারটি ধ্বংস হয়, আর তারা লাভবান হয়।

শেখ হাসিনা চলে যাওয়া মানেই, বাংলাদেশের ব্যবসা বাণিজ্য, উন্নয়ন সব ধ্বংস হয়ে যাওয়া এইটা ভারত জেনেই, শেখ হাসিনা সরকারের অপসারণে এখনো নীরব দর্শকের ভূমিকা পালন করছে। এর পেছনে রয়েছে, বিগত শেখ হাসিনার আমলে দারুণভাবে মোড় নেয়া ব্যবসা বাণিজ্যের গতিপথ এখন ভারতের দিকে। আইন শৃঙ্খলার এই নৈরাজ্যে কোন ইনভেস্টরই চাইবে না, বিনিয়োগ করতে। বিনিয়োগকারীরা যা যা চাইতো, একজন দক্ষ দেশ শাসক হিসেবে শেখ হাসিনা তা জানতেন এবং নিশ্চিত করেছেন। বন্ধুত্বপরায়ণ হিসেবে ভারত, যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের জন্য ট্রানজিট সুবিধাকে হ্যাঁ বলেছে তবে, ঠিক যখন বাংলাদেশ সুফল পেতে পারতো ঐ সময় ভারত তার প্রফেশনালিজম দেখিয়ে একটি নির্বাচিত সরকারের পতনে দায়সারা ভূমিকা পালন করে।

শেখ হাসিনা তার পিতা স্বাধীনতার জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের কাছ থেকেই জেনেছেন, বাংলাদেশ হলো শ্রেণীকক্ষের সেই সুন্দরী অসহায় রমণী যাকে সবাই পেতে চায়। সবাই কৌশল করে, বন্ধুত্বপরায়ণতা দেখিয়ে লোভ দেখিয়ে ভোগ করতে চায়, তাকে নিয়ে ঝগড়া হয় এবং পরিশেষে কেউই তাকে পেতে ব্যর্থ হয় এবং পরিণতিতে নারীটি লাঞ্ছিত হয়। পিতার মতোই তিনি বাংলাদেশকে লাঞ্ছিত হওয়া থেকে রক্ষার জন্য সর্ব শক্তি দিয়েই চেষ্টা করেছেন। ভারত যতই বন্ধুত্বপরায়ণ হোক না কেন, বিশ্ব বাজারের খনিজ সম্পদের খোঁজ তারা জানেন। ভারত জানে, ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশ কতটা গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্রের সাথে প্রতিরক্ষা চুক্তিতে তাই আমি বাংলাদেশের জন্য খারাপটা দেখি।

শেখ হাসিনার মতোই আমি মানি, বাংলাদেশ এত ছোট একটি দেশ হিসেবে কোন যুদ্ধের জন্য তৈরি নয়। অপরদিকে ৭১ সালের যুদ্ধের পরে শেখ হাসিনার আমলে বাংলাদেশ অর্থনৈতিকভাবে যতটা এগিয়ে ছিল, এখন বাংলাদেশ তলাবিহীন ঝুড়ির থেকে খারাপ অবস্থায় আছে। ভারতের কৌশলের ফাঁদে বাংলাদেশ পিষ্ট হবে। অস্ত্রের বাণিজ্য বাড়বে। মিলিশিয়া তৈরি হবার ঝুঁকি থাকবে। ভারতের এক প্রকার নাকের ডগা দিয়ে পাকিস্তান বাংলাদেশে তাদের মিলিশিয়া বাহিনী প্রস্তুত করে ফেলেছে।

প্রায় দেড় বছর পরে ভারতের সাথে যুক্তরাষ্ট্রের এই চুক্তিটি পাকিস্তানকে শায়েস্তা করার পথ সুগম করবে। ভারত তার নিরাপত্তার অজুহাতে বাংলাদেশে তাদের অস্ত্রের বাজার উন্মুক্ত করতে পিছপা হবেনা। ফলাফল, বাংলাদেশে ব্যবসা, বাণিজ্য, বিনিয়োগ চিরতরে বন্ধ হয়ে যাবে। বাংলাদেশে একটি ভয়াবহ দুর্যোগ তৈরি হবে। ভারত তার নিরাপত্তার স্বার্থেই বাংলাদেশের সীমান্তে কঠোর অবস্থান জারি রাখবে।

ডঃ ইউনুসের মতো ক্ষমতা লোভী ব্যক্তি বাংলাদেশে সৃষ্ট “ভারত বিরোধীতা”র জনপ্রিয় ন্যারেটিভকে প্রতিষ্ঠিত করতে পাকিস্তান ও তুরষ্কের প্রতি সামরিক, বাণিজ্যিক সহযোগিতার হাত সম্প্রসারিত করছেন, যা দিন শেষে ভারতের সীমান্ত সুরক্ষার জন্য ঝুঁকিপূর্ণ হবে। ইতিমধ্যে পাকিস্তানী মিলিশিয়া বাংলাদেশে তাদের বিনিয়োগ করে ফেলেছে। ফলাফল হবে একটি মর্মান্তিক গৃহযুদ্ধ। এই যুদ্ধের ক্ষত বাংলাদেশ আর কখনই কাটিয়ে উঠতে পারবেনা। জয়নাল আবেদিনের দুর্ভিক্ষের ছবি আরেকবার আকার মোক্ষম সুযোগ তৈরি হবে।

সবথেকে দুঃখের বিষয় হবে, এমন পরিস্থিতিতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর পথটা ভারত নিজ স্বার্থেই বন্ধ করে দেবে, বাংলাদেশকে শায়েস্তা করে সীমান্ত নিরাপদ রাখতে। শেখ হাসিনা বাংলাদেশে থাকলে সেটা সম্ভব হবে না ভারতের পক্ষে, ভারত ভালো করেই জানে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে তার পিতার মতোই কেনা যায়না।

বাংলাদেশের জন্য ভালো।

১৩০০০০ বর্গ কিলোমিটারের আয়তনের বাংলাদেশ ভারতের সাথে সবথেকে বেশী সীমান্ত এলাকা ভাগাভাগি করে থাকে। এটির পরিমাণ প্রায় ৪,০৯৬ কিলোমিটার। ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা এবং মিজোরামের মতো গুরুত্বপূর্ণ অঞ্চলের সীমান্ত বেষ্টিত “বাংলাদেশ” ভারতের সীমান্ত নিরাপত্তা তথা জাতীয় নিরাপত্তার জন্য সব সময়ই অত্যান্ত গুরুত্বের সাথে বিবেচিত একটি নাম।

স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পররাষ্ট্রনীতিতে অত্যান্ত সুচারু জ্ঞানের অধিকারী ছিলেন বলেই ভারতের মতো বৃহৎ এবং শক্তিশালী প্রতিবেশী দেশের সাথে বন্ধুত্বপরায়ণতা বজায় রেখেছিলেন। তার আমলে ভারত সরকার অত্যন্ত উষ্ণ সম্পর্ক এবং সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলো বলেই, আমাদের স্বাধীনতা প্রাপ্তিতে এটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বঙ্গবন্ধু একজন প্রকৃত নেতা হিসেবেই সদ্য স্বাধীন দেশ হিসেবে “বাংলাদেশ” এর সীমাবদ্ধতা জানতেন। তিনি জানতেন বৃহৎ প্রতিবেশী এবং বাংলাদেশের জাতীয় নিরাপত্তার জন্য ভারতের গুরুত্ব।

তিনি তার জ্ঞান চক্ষুর আলোকেই সেই সময় জানতেন ভৌগোলিক অবস্থানে বাংলাদেশ সবচেয়ে স্পর্শকাতর অথবা সবচেয়ে নিরাপদ স্থানে অবস্থান করছে। দেশের জাতীয় ও অর্থনৈতিক নিরাপত্তার জন্য তিনি তাই পাকিস্তানীদের মতো জুয়া খেলতে রাজি ছিলেন না। তিনদিক পরিবেষ্টিত এবং বিশাল সমুদ্রবন্দরের সাথে জড়িত বাংলাদেশ ভারতের মতো বৃহৎ রাষ্ট্রের কাছে গুরুত্ববহ ছিল, তাই মৃত্যুর পূর্ব পর্যন্ত বঙ্গবন্ধু এই অবস্থানকে গুরুত্বের সাথে বিবেচনা করেছেন। তিনি জানতেন সংস্কৃতি, অর্থনীতি এবং জাতীয় নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ ভারতের সাথে সম্পর্ক নষ্ট করে সাময়িক পশ্চিমা বন্ধুত্বের ফাঁদে পড়লে তার কী পরিণাম হতে পারে। সদ্য স্বাধীন রাষ্ট্রের প্রধান হিসেবে তাই তাকে নিদারুণ বেদনা সইতে হয়েছে। পেতে হয়েছে হুমকি অথবা প্রতিশ্রুতি দিয়েও ডুবিয়ে দেয়া হয়েছে ত্রাণ! পরিণতিতে বাংলাদেশে মর্মান্তিক দুর্ভিক্ষের মিথ্যে দায়ভারও তাকে নিতে হয়। তাবেদারী রাষ্ট্রপ্রধানের মতো আচরণে আগ্রহী ছিলেন না বলেই ১৯৭৫ সালের ১৫ই আগস্ট পরিবারের প্রায় সবাই সহ নিহত হন।

বাঙ্গালীর মুক্তির প্রদীপ বাঁচিয়ে রাখতেই প্রাণে বেঁচে যান বঙ্গবন্ধু কন্যাদ্বয় শেখ হাসিনা এবং শেখ রেহানা। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা হিসেবে শেখ হাসিনা বাংলাদেশের স্বার্থে ভারতের সাথে সুসম্পর্কের গুরুত্ব জানতেন। কোন একটি সরকার প্রধান হিসেবে সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি মাথায় রাখতে হয়, তাহলে নিজেদের সীমাবদ্ধতা বুঝতে পারা এবং অত্যান্ত কৌশলী আচরণের মাধ্যমে বন্ধুত্বপরায়ণতার সাথে নিজেদের স্বার্থ ও অধিকার আদায় করে নেয়া। শেখ হাসিনাকে তার পিতার মতই ভারতের দালাল হিসেবে নানানভাবে পরিচিত করানোর মিথ্যা চেষ্টা চালানো হলেও, শেখ হাসিনা অত্যান্ত কৌশলের সাথে ভারতের নিকট থেকে ছিটমহল আদায় করে নিয়েছেন এবং সমুদ্র সীমার মতো আন্তর্জাতিকভাবে স্বীকৃত জটিল বিষয়টি আদায় করে নিতে সক্ষম হয়েছেন। বৃহৎ প্রতিবেশী ভারতকে সুবিধা দিয়েছেন যত কৌশলে তার সমপরিমাণ ন্যায্য হিস্যা আদায় করতে তিনি ব্যর্থ হননি। তিনিও তার পিতার মতই ছোট্ট আয়তনের অপরূপ সুন্দর বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের স্বার্থের বলি হতে দিতে নারাজ ছিলেন। নানান হুমকি সত্ত্বেও তিনি ধীরে ধীরে বাংলাদেশকে উন্নয়নশীল দেশের কাতারে আনার সর্বাত্মক চেষ্টা চালিয়ে গেছেন।

উপরের এত ভূমিকা দেয়ার কারণ হলো, ভারতের মতো দেশ বাংলাদেশের গুরুত্ব বুঝে। এই দেশটি পূর্ব পাকিস্তান সৃষ্টির শুরু থেকেই নানানভাবে পশ্চিমা রাজনীতির কুটচালে পাকিস্তান দ্বারা নিরাপত্তার হুমকিতে পড়েছে। এরপরে পূর্ব পাকিস্তান স্বাধীন হয়ে “বাংলাদেশ” হয়, তখন বঙ্গবন্ধু সীমান্ত নিরাপত্তা মেরামত করার চেষ্টা করেছেন। তার মৃত্যুর পরে ৭৫ সাল থেকে একটি দীর্ঘ সময় সীমান্তে তৎকালীন সামরিক সরকার আর আই এস আই এর মদতে উগ্রপন্থীদের নিরাপদ চলাচল ছিল। তৎকালীন সরকারের ইচ্ছাকৃত অগ্রাহ্যের কারণেই ভারত বাংলাদেশ সীমান্তে উগ্রবাদ বেড়ে যায়, যা ছিল ভারতের জন্য অস্বস্তিকর একটি বিষয়।

শেখ হাসিনা সরকারের ১৯৯৬ থেকে ২০০১ সালের সরকারের আমলে শেখ হাসিনার সন্ত্রাসবাদ নিয়ে জিরো টলারেন্সের কারণে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক ধীরে ধীরে উষ্ণ হতে থাকে। ২০০১ সালে শেখ হাসিনা সরকার সরকার থেকে নেমে গেলে পুনরায় ভারত বাংলাদেশ সীমান্ত এলাকা সন্ত্রাসের তীর্থভূমিতে পরিণত হয়। চোরাচালান, মাদক, অস্ত্র আর আসামের বিচ্ছিন্নতাবাদীদের জন্য অস্ত্রের রুট আর আশ্রয়স্থল হওয়ার কারণে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক পুনরায় শীতল হতে থাকে। এটা থেকে পরিষ্কার যে, শেখ হাসিনা বরাবরই তার বন্ধুত্বপরায়ণতার পরীক্ষায় ভারতের কাছে সফল ছিলেন। ভারত তাই এই পরিবারকে নিজ স্বার্থে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখে।

উপমহাদেশে ডিপ স্টেটের রেজিম পরিবর্তনের ধারা ভারত হয়তো আগেই বুঝে ফেলেছিল। বাংলাদেশে রেজিম পরিবর্তনের পরপরই যেহেতু যুক্তরাষ্ট্রে জাতীয় নির্বাচন ছিল, তাই কৌশলগত কারণেই ভারতকে তাদের সেরা সময়ের জন্য অপেক্ষা করতে হয়েছে। এই অপেক্ষার কারণটা ছিল, যুক্তরাষ্ট্রের মতিগতি বুঝে উঠা। পররাষ্ট্রনীতিতে কৌশলী ভাষাতে মাথা গরম বলে কোন বিষয়ের স্থান নেই। ভারত তাই নির্বাচন পর্যন্ত অপেক্ষা করেছে।

এই অপেক্ষার ফসল হিসেবে নরেন্দ্র মোদীর বন্ধু হিসেবে পরিচিত ডোনাল্ড ট্রাম্পের আগমন ঘটলেও ভারত কিছুদিনের মধ্যেই ট্রাম্পের দ্বৈত চেহারা দেখে ফেলে। নিজেদের স্বার্থে ট্রাম্প ডিপ স্টেটকে বাগে পেলেও যুক্তরাষ্ট্রের স্বার্থে তিনি কিছুদিন পরেই সুর পাল্টে ফেলেন। বিশেষজ্ঞদের ধারণা এটা যুক্তরাষ্ট্রের স্বার্থের বাইরে ছিল ট্রাম্পের সদ্য প্রেসিডেন্সিকে পুনরায় টালমাটাল অবস্থায় না ফেলা। এর কারণ হিসেবে ধারণা করা হয়, বহুল আলোচিত এপস্টেইন কেসে গুরুত্বপূর্ণ স্বাক্ষ্য হিসেবে ট্রাম্পের বেশ কিছু ভিডিও ফুটেজ ডিপ স্টেটের কলাকুশলীদের হাতে আছে যা ট্রাম্পের সরকার ফেলে দিতে পারে নিমিষেই।

এই নীরবতার মধ্যেই বাংলাদেশের অবৈধ ইন্টেরিম প্রধান ডঃ ইউনুস নানান চাপে ফেলে শর্ত প্রকাশের না স্বার্থে নানান চুক্তি করা হয়। বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে নানান উছিলায় মার্কিন সেনাদের উপস্থিতি লক্ষ করা যায়। চিটাগং বন্দরকে বিদেশীদের হাতে তুলে দেয়া, সেন্টমার্টিনে অবৈধভাবে অভিবাসীদের ব্যবসা সহ পর্যটকদের চলাচল সংকুচিত করে ফেলা সহ নানান বিতর্কিত ও সন্দেহজনক পদক্ষেপ নেয়া হয়। এরমধ্যে ভারতের জন্য বাংলাদেশী সেনাবাহিনী তথা সরকারের সাথে পাকিস্তানী সেনাবাহিনী তথা আই এস আই এর সরব উপস্থিতি অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়।

বন্ধু ট্রাম্প আর মোদীর মধ্যে সম্পর্কের উষ্ণতায় শীতল জল ঢেলে, ট্রাম্প শুল্ক যুদ্ধে নামলেই মূলত ভারতের টনক নড়ে। তারা সর্বদিক বিবেচনা করে রাতারাতি চীনের সাথে সম্পর্ক ঠিক করে ফেলে। অপরদিকে রাশিয়ার সাথে সম্পর্কের কারণে ভারত চীন আর রাশিয়া, এই পরাশক্তির বিপরীতে ইউ এস এর কৌশল মাঠে মারা যায়। ট্রাম্পের শুল্কের চার আনা লাভের থেকেও বৈশ্বিক পরাশক্তিতে ভারত চীন আর রাশিয়া অনেক গুরুত্বপূর্ণ বিধায় ট্রাম্প তার গোয়ার্তুমি থেকে বের হয়ে এসে ভারতের সাথে আলোচনায় বসেন। কমানো হয় শুল্কের হার আর স্বাক্ষরিত হয় বহুল আলোচিত প্রতিরক্ষা চুক্তি। এই চুক্তির আলোকে খুব স্বাভাবিকভাবেই ভারতের স্বার্থে আঘাত করবে এমন কোন কিছুই যুক্তরাষ্ট্র করতে পারবেনা। এরমধ্যে অন্যতম নিঃসন্দেহে বাংলাদেশ এবং তার সংলগ্ন সীমান্ত।

বাংলাদেশে তাই জামায়াত ইসলামী, বি এন পি এবং অবশ্যই ডঃ ইউনুসের মদতে ঘাঁটি গেড়ে বসা আই এস আই এবং মৌলবাদী গোষ্ঠীগুলোকে হয় সরে যেতে হবে নাহলে বেঘোরে মরতে হবে। ইউনুস আর সাঙ্গপাঙ্গদের হয়তো বিনাশর্তে দেশ ত্যাগের একটি সুযোগ দেয়া হবে অথবা তারা বাকিটা জীবন জেলের ভাত খেয়ে মরবেন। সেনাবাহিনীকে তাদের বাকি জীবনের স্বার্থে ভারতের পরামর্শমতো বাংলাদেশে নির্বাচন সুস্থভাবে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ করার মাধ্যমে নিজেদের কলঙ্ক মোচন করতে হবে।

এখন দেখার বিষয় ভারত বর্তমান উগ্রপন্থার বাংলাদেশকে শত্রু হিসাবে বিবেচনা করে কঠোর হস্তে দমন করে কিনা, যেমন করছে পাকিস্তানকে। নাকি সবসময়ের মতো বাংলাদেশকে বন্ধু বিবেচনা করে ৪ হাজার কিমি সীমান্তবর্তী দেশে স্থিরতা ও বন্ধুত্বপূর্ণ নির্বাচিত সরকার ফিরিয়ে এনে সীমান্ত সুরক্ষা নিশ্চিত করে।

তবে ভারত-যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা চুক্তির পরে বন্ধু ট্রাম্প ও মোদী অবশ্যই চাইবেনা ভারতের পাশে আরেকটি ইউক্রেন বা পাকিস্তানের মতো হুমকি বিরাজ করুক। এই চাওয়া আর না চাওয়ার উপরেই নির্ভর করছে আগামীর বাংলাদেশের ভবিষ্যৎ, এই চাওয়ার উপরেই নির্ভর করছে বাংলাদেশ কি যুদ্ধপীড়িত দেশ হবে, নাকি সহযোগিতাপূর্ণ বন্ধু রাষ্ট্র!

বাংলাদেশের জয় হোক। জয় বাংলা। জয় বঙ্গবন্ধু। জয় শেখ হাসিনা।

[লেখক পরিচিতি]

-শাহ্‌ ওয়ায়েজ
জার্মানি

-মৃণ্ময় সেন
রাজনৈতিক বিশ্লেষক

Visited 47 times, 1 visit(s) today