ঢাকা স্ট্রিমে যৌন নিপীড়নের অভিযোগ তোলা নারী সাংবাদিকের আত্মহত্যা

ঢাকা স্ট্রিমে যৌন নিপীড়নের অভিযোগ তোলা নারী সাংবাদিকের আত্মহত্যা
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর ধানমন্ডির একটি ফ্ল্যাট থেকে স্বর্ণময়ী বিশ্বাস (২৬) নামে এক তরুণীর ঝুলন্ত মরদেহ গতকাল উদ্ধার করেছে পুলিশ। তিনি অনলাইন সংবাদমাধ্যম ঢাকা স্ট্রিম-এর গ্রাফিক্স ডিজাইনার হিসেবে কর্মরত ছিলেন।

সম্প্রতি তিনি প্রতিষ্ঠানের বাংলা বিভাগের প্রধান আলতাফ শাহনেওয়াজের বিরুদ্ধে লিখিতভাবে যৌন নিপীড়নের অভিযোগ করেছিলেন। অভিযোগপত্রের একটি কপি বিডি ডাইজেস্ট-এর হাতে এসেছে (সংযুক্ত)।

সহকর্মীরা জানান, অভিযোগের পরও কর্তৃপক্ষ অভিযুক্ত আলতাফ শাহনেওয়াজের বিরুদ্ধে ব্যবস্থাগ্রহণ না করে পুনর্বহাল করে। এই সিদ্ধান্তে গভীর মানসিক আঘাত পান স্বর্ণময়ী।

তাদের অভিযোগ, প্রধান সম্পাদক ইফতেখার মাহমুদ বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন।

উল্লেখ্য, ইফতেখার মাহমুদ ও আলতাফ শাহনেওয়াজ দুজনেই সম্প্রতি দৈনিক প্রথম আলো থেকে বিদায় নিয়ে ঢাকা স্ট্রিম-এর দায়িত্ব গ্রহণ করেন।

শনিবার রাতে বিডি ডাইজেস্ট-কে নাম প্রকাশ না করার শর্তে ঢাকা স্ট্রিমের এক কর্মী জানান, স্বর্ণময়ী সেদিন সন্ধ্যায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। তবে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে প্রকাশিত এক শোকবার্তায় ‘বৃহস্পতিবার সন্ধ্যা’ উল্লেখ করা হয় এবং আত্মহত্যার বিষয়টি সেখানে এড়িয়ে যাওয়া হয়।

সহকর্মীদের বরাত দিয়ে জানা গেছে, স্বর্ণময়ীর হাতের রগও কাটা ছিল। এর আগের দিন শুক্রবার তিনি ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন।

ঘটনার পর স্বর্ণময়ীকে ধানমন্ডির পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্বর্ণময়ীর আত্মহত্যার ঘটনায় প্ররোচণার অভিযোগে আলতাফ শাহনেওয়াজকে বিচারের আওতায় আনার দাবি উঠেছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে বিষয়টিকে ঘিরে।

স্বর্ণময়ী বিশ্বাসের গ্রামের বাড়ি ঝিনাইদহ। তিনি ঢাকার গার্হস্থ্য অর্থনীতি কলেজ থেকে স্নাতক সম্পন্ন করেছেন।

উল্লেখ্য, আলতাফ শাহনেওয়াজ জামায়াতে ইসলামীর নেতা, দণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী কাদের মোল্লার ভাগ্নি ফাতেমা আবেদনী নাজলার স্বামী।

Visited 208 times, 1 visit(s) today