জুলাই সমর্থকদের বেপরোয়া তাণ্ডব: পুলিশের ওপর হামলা, ফার্মগেটে এক সদস্যকে মারধর

জুলাই সমর্থকদের বেপরোয়া তাণ্ডব: পুলিশের ওপর হামলা, ফার্মগেটে এক সদস্যকে মারধর
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক

সংসদ ভবন এলাকায় জুলাই সনদ স্বাক্ষরের অনুষ্ঠান ঘিরে ‘জুলাই যোদ্ধা’ পরিচয়ধারী সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুপুরের পর থেকে রাজধানীর কয়েকটি এলাকায় ছড়িয়ে পড়ে উত্তেজনা। সংঘর্ষের সময় ফার্মগেটে এক পুলিশ সদস্যকে বেধড়ক মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

আজ ১৭ই অক্টোবর, শুক্রবার দুপুর ১টা ২৬ মিনিটে সংসদ ভবনের গেটের সামনে সংঘর্ষের সূত্রপাত হয়।

পুলিশ সূত্রে জানা যায়, অনুষ্ঠানে প্রবেশের চেষ্টা করে গেট ভেঙে ঢুকে পড়ে জুলাই সমর্থকদের একটি অংশ। পুলিশ ও এবিপিএন সদস্যরা তাদের শান্তভাবে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে তারা পাল্টা আক্রমণ করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১টা পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করে। কিন্তু বিক্ষুব্ধরা তাতে রাজি না হয়ে মঞ্চ এলাকায় অবস্থান নেয়। পরে পুলিশ হালকা লাঠিচার্জ করলে তারা ছত্রভঙ্গ হয়ে পড়ে এবং রাস্তায় নেমে পুলিশের গাড়ি, স্থাপনা ও দোকানে ভাঙচুর চালায়। সংসদ ভবনসংলগ্ন খেজুরবাগান ও এমপি হোস্টেল এলাকার কয়েকটি স্থানে আগুন ধরিয়ে দেয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে ও লাঠি হাতে ধাওয়া দেয়। সংঘর্ষ ছড়িয়ে পড়ে ফার্মগেট, জিয়া উদ্যান ও ধানমন্ডি এলাকায়। সেখানে উভয়পক্ষকে ইট-পাটকেল ছুড়তে দেখা যায়।

ফার্মগেট এলাকায় ধারণ করা একটি ভিডিওতে দেখা যায়, পুলিশের একজন সদস্যকে ঘিরে ধরে কয়েকজন ব্যক্তি বেধড়ক মারধর করছে। ওই পুলিশ সদস্য পরে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয় বলে জানা গেছে।

পুলিশ জানায়, হামলাকারীরা সাংগঠনিকভাবে প্রস্তুত হয়ে এসেছিল। তারা পুলিশের ওপর পরিকল্পিতভাবে হামলা চালায় এবং সরকারি সম্পদে অগ্নিসংযোগ করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে।

এদিকে জুলাই সমর্থকরা দাবি করছে, তারা শান্তিপূর্ণ অবস্থানে ছিল এবং পুলিশ বিনা উসকানিতে আক্রমণ চালায়। তাদের অভিযোগ, সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।

তেজগাঁও বিভাগের উপ-কমিশনার ইবনে মিজান জানান, “পরিস্থিতি এখনো সম্পূর্ণ নিয়ন্ত্রণে নয়। সংসদ ভবনের সামনের অংশ পুলিশের নিয়ন্ত্রণে থাকলেও আশপাশের কিছু এলাকায় বিচ্ছিন্ন সংঘর্ষ চলছে। সিনিয়র কর্মকর্তারা মাঠে আছেন, অভিযানও চলছে।”

দুপুর ৩টার পরও সংসদ ভবন এলাকার আশপাশে উত্তেজনা বিরাজ করছে। বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে রাজধানীর বিভিন্ন স্থানে অবস্থান নিয়েছে বলে জানা গেছে।

Visited 26 times, 1 visit(s) today