নিজস্ব প্রতিবেদক
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. ইউনূসের মাঝে জিয়াউর রহমানের প্রচ্ছায়া খুঁজে পেয়ে তার বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের উচ্ছ্বসিত প্রশংসাসূচক মন্তব্য করলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
গতকাল ২৭শে সেপ্টেম্বর, শনিবার নিউইয়র্কে এক অনুষ্ঠানে ফখরুল বলেন, ড. ইউনূস যখন কথা বলছিলেন, আমার বারবার মনে হচ্ছিল আমি যেন জিয়াউর রহমানের কণ্ঠ শুনছি।
সেই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ড. ইউনূস। তার সাথে রাষ্ট্রীয় খরচে যুক্তরাষ্ট্রে সফররত রাজনৈতিক-অরাজনৈতিক ১০৪ জন সঙ্গীও উপস্থিত ছিলেন অনুষ্ঠানে।
এসময় মির্জা ফখরুল বলেন, গণতান্ত্রিক, সমৃদ্ধ এবং দুর্নীতিমুক্ত দেশ গঠন করার যে স্বপ্ন ছিল জিয়াউর রহমানের- তার সমস্ত কথাগুলো ড. ইউনূসের কথায় বের হয়ে আসছিল।
তিনি আরও বলেন, আমরা বিশ্বাস করি বাংলাদেশের মানুষ সংগ্রামী, লড়াই তাদের সহজাত বৈশিষ্ট্য। যেকোনো বিপদে, যেকোনো সংকটকালে তারা জানে কীভাবে ঐক্যবদ্ধ হয়ে একসঙ্গে লড়াই করতে হয়।
বিএনপি মহাসচিব বলেন, জাতিসংঘের সাধারণ অধিবেশনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে নিয়ে অংশগ্রহণ করে প্রধান উপদেষ্টা এক অনন্য নজির স্থাপন করেছেন। বিশ্ববাসী দেখেছে আমরা কীভাবে কার্যক্রম পরিচালনায় ঐক্যবদ্ধ। আগামী দিনেও আমরা দেশের প্রয়োজনে ঐক্যবদ্ধ থাকবো।
ফখরুল বলেন, ড. ইউনূস দূরদৃষ্টি সম্পন্ন। তিনি দেশকে একটি কাঙ্ক্ষিত মানে দেখতে চান। এটি জিয়াউর রহমানেরও চাওয়া ছিলো। আমি ড. ইউনূসের মাঝে আমাদের দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের প্রচ্ছায়া দেখতে পাই।
জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশন উপলক্ষে ড. ইউনূসের সঙ্গে নিউইয়র্ক সফরে রয়েছেন বিএনপি, জামায়াত, এনসিপির রাজনৈতিক নেতাসহ তার দপ্তরের বিভিন্ন কর্মকর্তা এবং তার পরিবারের লোকজন। যার মধ্যে নিরাপত্তা রক্ষীই রয়েছেন ৩৫ জনের মত। রাষ্ট্রীয় অর্থ ব্যয়ে ১০৪ জনের বিশাল দল নিয়ে তার যুক্তরাষ্ট্র সফর নিয়ে চলছে তুমুল সমালোচনা।
