বিএনপির ২০০১-২০০৬ শাসনামলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)’র সভাপতি ছিলেন আলি আসগর লবি। তবে এবার আর ক্রিকেটের কাছাকাছি আসতে চাইছেন না তিনি। এই বিএনপি নেতা জানিয়েছেন, বিএনপির সমর্থন নিয়ে এবার বিসিবির সভাপতি পদের জন্য লড়তে যাচ্ছেন তামিম ইকবাল। আর বর্তমান অন্তবর্তী সরকারের সমর্থন থাকছে আমিনুল ইসলাম বুলবুলের দিকে।
আগামী অক্টোবরের প্রথম সপ্তাহে বিসিবির নির্বাচন হওয়ার কথা। ইতোমধ্যে বোর্ড সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে বর্তমান সভাপতি বুলবুল প্রথমে তিন মাসের জন্য দায়িত্বে এলেও তিনি পদ ছাড়তে চাইছেন না। যেকোনোভাবে লম্বা মেয়াদে সভাপতি পদ তার চাই।
শুরুতে বুলবুল বলেছিলেন, সরাসরি নির্বাচন না করে জাতীয় ক্রীড়া পরিষদের মনোনয়নে পরিচালক হয়ে তারপর সভাপতির পদে লড়বেন। কিন্তু অন্তর্বতী সরকারের টালমাটাল অবস্থায় ভরসা করতে পারছেন না তিনি। হুট করে সরকার বদলে গেলে ক্রীড়া পরিষদের মনোনয়নও বদলে যেতে পারে। তাই নির্বাচন করতে চাইছেন বুলবুল। নির্বাচনে জেতার জন্য জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে যাদের কাউন্সিলর করছেন তিনি তাদের ভোটেই পরিচালক হওয়ার পথ খোলা তার।
এদিকে ক্লাব ক্যাটাগরি থেকে পরিচালক হওয়ার দৌড়ে অনেকটাই এগিয়ে তামিম। পরিচালক হয়ে তিনিও সভাপতি পদে লড়বেন। আর তিনি বিএনপির সমর্থনে এই দৌড়ে আছেন বলে জানান লবি। সংবাদিকদের লবি বলেন, ‘তামিম ভালো ছেলে, সে আমাদের মানে বিএনপির হয়ে সভাপতি পদের প্রার্থী। আর সরকারের থেকে করছে বুলবুল। আমরা তামিমের পাশে থাকব।’
