ইতালির প্রধানমন্ত্রীর ঢাকা সফর বাতিল: পশ্চিমা নেতাদের সাথে ড. ইউনূসের সাক্ষাৎ এখনো অধরা

ইতালির প্রধানমন্ত্রীর ঢাকা সফর বাতিল: পশ্চিমা নেতাদের সাথে ড. ইউনূসের সাক্ষাৎ এখনো অধরা
শেয়ার করুন

কূটনৈতিক ডেস্ক

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির বাংলাদেশে নির্ধারিত দুই দিনের রাষ্ট্রীয় সফর বাতিল করা হয়েছে। ৩০শে আগস্ট থেকে শুরু হওয়ার কথা ছিল এই সফর, যা প্রধান উপদেষ্টা ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের আমলে কোনো শীর্ষ ইউরোপীয় নেতার প্রথম সফর হতো।

তবে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে ন্যাটো দেশগুলোর চলমান তীব্র আলোচনার কারণে মেলোনির পুরো এশিয়া সফর, যার মধ্যে বাংলাদেশ, ভিয়েতনাম, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া এবং জাপানে সফর অন্তর্ভুক্ত ছিল, বাতিল করা হয়েছে।

এর আগেও ফ্রান্সে ড. ইউনূসের একটি সফর শেষ মুহূর্তে বাতিল হয়েছিল। তার নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার এক বছর পেরিয়ে গেলেও, পশ্চিমা দেশগুলোর কোনো রাষ্ট্রপ্রধান, যাদেরকে তার বন্ধু হিসেবে বিবেচনা করা হতো, তারা বাংলাদেশে রাষ্ট্রীয় সফরে আসেননি। এমনকি ইউনূস বিভিন্ন দেশ সফর করলেও, ইউরোপের কোনো দেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গে সাক্ষাতের সুযোগ পাননি।

যদিও হোটেলের লবিতে সাক্ষাত হয়েছে, কুশল বিনিময় হয়েছে, সাইড টক হয়েছে, ছবি এসেছে অনেক অনেক, কিন্তু পুরোদস্তুর রাষ্ট্রীয় সফর আজও হয়ে ওঠেনি। বরং যুক্তরাজ্য সফরে গিয়ে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সাথে সাক্ষাত করতে না পারাটা, বিশ্ব কুটনৈতিক মহলে একটা লজ্জাকর অধ্যায় হিসাবে বিবেচিত হচ্ছে। ঘটনাগুলো বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের বর্তমান অবস্থার উপর নতুন প্রশ্ন তুলেছে।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বৃহস্পতিবার এই সফর বাতিলের বিষয়টি নিশ্চিত করে বলেন, “ইতালির প্রধানমন্ত্রীর সম্পূর্ণ এশিয়া সফর বাতিল করা হয়েছে। ইউক্রেন সংকটের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তারা আজ আমাদের এই সিদ্ধান্তের কথা জানিয়েছে।”

সফরটি পুনঃনির্ধারণের বিষয়ে জানতে চাইলে কর্মকর্তা জানান, “এটি পরে আলোচনা করা হবে।”

মেলোনির এই সফরে অভিবাসন, বাণিজ্য, প্রতিরক্ষা সহযোগিতা এবং দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার বিষয়ে আলোচনার কথা ছিল। এর আগে, মে মাসে ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেদোসি বাংলাদেশ সফরের সময় ড. ইউনূসের সঙ্গে বৈঠকে ইতালির বাংলাদেশের সঙ্গে সম্পর্ক “নবায়ন” এবং “পুনরায় চালু” করার আগ্রহ প্রকাশ করেছিলেন। তিনি বাংলাদেশ থেকে আরও দক্ষ শ্রমিক নিয়োগ এবং নিরাপদ অভিবাসন নিশ্চিত করার বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন।

গত বছর সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনের সময় মেলোনি ড. ইউনূসের সঙ্গে বৈঠক করেন। সেখানে তিনি বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় ইতালির সমর্থন এবং অভিবাসন সংক্রান্ত সহযোগিতা জোরদার করার ইচ্ছা প্রকাশ করেছিলেন। তবে, বর্তমান ভূ-রাজনৈতিক পরিস্থিতির কারণে এই সফর অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়েছে।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায়, ইতালির দূতাবাস বৃহস্পতিবার বিকেলে এই সিদ্ধান্তের কথা অনানুষ্ঠানিকভাবে জানিয়েছে। ইউরোপে ক্রমবর্ধমান নিরাপত্তা উদ্বেগ এবং ইউক্রেন পরিস্থিতির অবনতি এই বাতিলের মূল কারণ।

ড. ইউনূসের পশ্চিমা নেতাদের সঙ্গে সরাসরি কূটনৈতিক সাক্ষাতের অভাব এবং এই ধরনের সফর বাতিলের ঘটনা বাংলাদেশের বৈদেশিক সম্পর্কের বর্তমান গতিপ্রকৃতি নিয়ে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

Visited 24 times, 1 visit(s) today