ক্রিকেটারদের সংগঠনের সাজানো নির্বাচনের রূপরেখা চূড়ান্ত করলেন তামিম

ক্রিকেটারদের সংগঠনের সাজানো নির্বাচনের রূপরেখা চূড়ান্ত করলেন তামিম
শেয়ার করুন

ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) আসন্ন নির্বাচনের রূপরেখা চূড়ান্ত হয়েছে। মজার কথা হলো সেই রূপরেখা ঠিক করেছেন তামিম ইকবাল খান, গুঞ্জন আছে তিনি নিজেই সংগঠনটির সভাপতি হতে যাচ্ছেন। এই আয়োজনে বর্তমান ও সাবেক অনেক ক্রিকেটার উপস্থিত ছিলেন।

কোয়াব-এর অ্যাড-হক কমিটির সদস্য নিয়ামুর রশিদ রাহুল একটি জাতীয় দৈনিকে বলেন, “এটা কোয়াবের কোনো নির্দিষ্ট প্রোগ্রাম ছিল না। তামিম আমাদের চা পানের জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন, যারা উপস্থিত থাকতে পেরেছেন, তারা এসেছিলেন”

“কোয়াব নির্বাচন প্রক্রিয়া নিয়ে আমাদের কিছু আলোচনা হয়েছে। আমরা কীভাবে খেলোয়াড়দের জন্য আরও বেশি কিছু করতে পারি, তা নিয়েও আলোচনা করেছি,”

নিয়ামুর জানান, এখন পর্যন্ত ১০০ জনের বেশি সাবেক ও বর্তমান খেলোয়াড় সদস্যপদ নবায়ন করেছেন। তিনি নির্বাচনের বিস্তারিত সময়সূচিও দিয়েছেন।
“আমরা ২১শে আগস্ট পর্যন্ত সদস্যপদ নবায়ন চালিয়ে যাব। ২৪শে আগস্ট আমরা এটি চূড়ান্ত করব। ২৫-২৬শে আগস্ট মনোনয়নপত্র কেনা যাবে এবং ২৮শে আগস্টের মধ্যে জমা দিতে হবে। ৩০শে আগস্টের মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করতে হবে। ১লা সেপ্টেম্বর প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। ৪ঠা সেপ্টেম্বর আমরা বার্ষিক সাধারণ সভা (এজিএম) করব, যার পরেই নির্বাচন অনুষ্ঠিত হবে।”

কোয়াবের এর আগের দুটি সভায় কোন নারী ক্রিকেটারকে আমন্ত্রণ জানানো হয়নি। এই নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন জাতীয় দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও রুমানা আহমেদ। নিজেদের ভুল সংশোধনের জন্য তামিম ও তার সঙ্গীরা এই অনুষ্ঠানে ক্রিকেটার রুমানা আহমেদ এবং আম্পায়ার সাথিরা জাকির জেসির উপস্থিতি নিশ্চিত করেন। তবে সেখানে ছিলেন না বর্তমান জাতীয় দলের কোন নারী ক্রিকেটার।

রুমানা জানান আগের ভুল বুঝতে পেরেছেন তামিমরা, “তারা দুঃখ প্রকাশ করেছেন এবং বলেছেন এটি ভুলবশত হয়েছে। তারা আমাদের জানিয়েছেন যে কোয়াব পুরুষ ও নারী উভয় ক্রিকেটারের জন্যই কাজ করবে… কমিটিতে নারীদের জন্য একটি নির্দিষ্ট পদ থাকবে। বর্তমান ও সাবেক নারী ক্রিকেটাররা অন্য যেকোনো পদেও প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন।”

কোয়াবের সভা থেকে শুরু করে নির্বাচনের রূপরেখা সব কিছু তামিম ঠিক করলেও তিনি সংগঠনের কোন দায়িত্বে নেই। তবে কীসের ভিত্তিতে তিনিই সব করছেন প্রশ্ন উঠলে উত্তর এড়িয়ে যান রাহুল। নাম প্রকাশে অনিচ্ছুক একজন অবশ্য বলেন, “তামিম বিএনপি ঘনিষ্ঠ, তারেক রহমানের সবুজ সংকেত পেয়েছেন তিনি। স্থানীয় বিএনপি নেতা ও সাবেক ফুটবলার আমিনুল হকও তার সঙ্গে আছেন। যেহেতু বিএনপিই ক্ষমতায় বসতে যাচ্ছে কাজেই সেভাবেই সব এগুচ্ছে।”

Visited 20 times, 1 visit(s) today