চোট আর ফর্মহীনতায় দীর্ঘ সময় ধরে সমালোচিত হওয়ার পর অবশেষে পুরোনো রূপে ফিরলেন নেইমার। প্রায় দুই বছর পর এক ম্যাচে জোড়া গোল করে তিনি শুধু নিজের পারফরম্যান্সের ধারই ফেরালেন না, বরং তার ক্লাব সান্তোস-কেও এনে দিলেন এক দুর্দান্ত জয়।
মঙ্গলবার ব্রাজিলিয়ান সিরি ‘আ’-তে জুভেন্তুদের বিপক্ষে ৩-১ গোলের দারুণ এক জয় পেয়েছে সান্তোস। এই জয়ের মূল কারিগর ছিলেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। ম্যাচের ৩৬ মিনিটে প্রথম গোলটি করেন তিনি। ৮০তম মিনিটে পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোল করে দলের জয় নিশ্চিত করেন।
ইনজুরির কারণে কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছিলেন ৩৩ বছর বয়সী এই ফুটবলার। ২০২৩ সালের অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে এক ম্যাচে তার হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে যায়। এই চোট তাকে কয়েক মাস মাঠের বাইরে রাখে এবং ব্রাজিল জাতীয় দল থেকেও দূরে থাকতে হয়। ২০২২ সালের পর এই প্রথম টানা পাঁচটি ম্যাচে খেলতে পেরেছেন নেইমার। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ২০২৩ সালের সেপ্টেম্বরের পর এই প্রথম জোড়া গোলের দেখা পেলেন তিনি।
এই দারুণ পারফরম্যান্সের পর নেইমার জাতীয় দলে ফেরার ব্যাপারেও আশাবাদী। আগামী সেপ্টেম্বরে ব্রাজিল ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে মাঠে নামবে। নেইমার বলেন, “আমার স্টাইল সবাই জানে। আমি এখন প্রস্তুত এবং ভালো বোধ করছি। সিদ্ধান্তটা এখন জাতীয় দলের কর্মকর্তাদের হাতে।”
