ফুটবল ভক্তদের জন্য দারুণ খবর! ২০২৬ সালে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে অনুষ্ঠিত হতে যাওয়া ফিফা বিশ্বকাপের জন্য টিকেট বিক্রি কার্যক্রম শুরু হতে যাচ্ছে। ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা ঘোষণা করেছে যে, আগামী ১০ সেপ্টেম্বর, ২০২৫ থেকে প্রথম ধাপের টিকেট লটারির জন্য আবেদন প্রক্রিয়া শুরু হবে। প্রথম ধাপে শুধুমাত্র ভিসা কার্ডধারীরাই পাবেন অগ্রাধিকার থাকবে।
টিকেট কেনার প্রক্রিয়া: ফিফা জানিয়েছে, টিকেট পেতে আগ্রহী দর্শকদের জন্য প্রধান ও একমাত্র মাধ্যম হলো ফিফার অফিশিয়াল ওয়েবসাইট (fifa.com/tickets)। টিকেট কেনার জন্য প্রথমেই এই ওয়েবসাইটে গিয়ে একটি ‘ফিফা আইডি’ তৈরি করতে হবে। এই আইডি ব্যবহার করেই টিকেট কেনার জন্য আবেদন করা যাবে।
টিকেট বিক্রির প্রক্রিয়াটি কয়েকটি ধাপে সম্পন্ন হবে। প্রথম ধাপে, ১০ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া লটারির মাধ্যমে আগ্রহীরা টিকেট কেনার সুযোগ পাবেন। এই ধাপে, আবেদনকারীদের মধ্য থেকে লটারির মাধ্যমে বিজয়ী নির্বাচিত করা হবে, যারা টিকেট কিনতে পারবেন।
টিকিটের সম্ভাব্য মূল্য: এখন পর্যন্ত নন-হসপিটালিটি টিকেটগুলোর নির্দিষ্ট মূল্য ঘোষণা করা না হলেও, কিছু ধারণা পাওয়া গেছে। কাতারের তুলনায় এবারের বিশ্বকাপের টিকেটের দাম কিছুটা বেশি হতে পারে। বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, টিকেটের সম্ভাব্য মূল্য কাঠামো নিচে দেওয়া হলো:
• উদ্বোধনী ম্যাচ: ৩৫৩ ডলার থেকে ৭০৬ ডলার (প্রায় ৪২,৮০০ থেকে ৮৫,৬০০ টাকা)
• গ্রুপ পর্ব ও রাউন্ড অফ ৩২: ৮২ ডলার থেকে ২৫৯ ডলার (প্রায় ৯,৯০০ থেকে ৩১,৪০০ টাকা)
• রাউন্ড অফ ১৬: ১১৮ ডলার থেকে ৩১৮ ডলার (প্রায় ১৪,৩০০ থেকে ৩৮,৫০০ টাকা)
• কোয়ার্টার ফাইনাল: ২৩৫ ডলার থেকে ৪৯৪ ডলার (প্রায় ২৮,৫০০ থেকে ৫৯,৯০০ টাকা)
• সেমিফাইনাল: ৪১২ ডলার থেকে ১,১১৮ ডলার (প্রায় ৪৯,৯০০ থেকে ১,৩৫,৬০০ টাকা)
• ফাইনাল: ৭০৬ ডলার থেকে ১,৮৮২ ডলার (প্রায় ৮৫,৬০০ থেকে ২,২৮,৩০০ টাকা)
বিশেষ টিকেট প্যাকেজ: যারা একাধিক ম্যাচ উপভোগ করতে চান, তাদের জন্য ফিফা বিশেষ প্যাকেজও ঘোষণা করেছে। এর মধ্যে রয়েছে:
• হসপিটালিটি প্যাকেজ: এই প্যাকেজের দাম সাড়ে ৩ হাজার ডলার থেকে শুরু হয়ে ৭৩,২০০ ডলার পর্যন্ত হতে পারে। এই প্যাকেজে উন্নত মানের সুবিধা এবং একাধিক ম্যাচের টিকেট অন্তর্ভুক্ত থাকে।
• ফলো মাই টিম সিরিজ: এই প্যাকেজের মাধ্যমে নির্দিষ্ট একটি দলের গ্রুপ পর্বের সব ম্যাচ মাঠে বসে দেখা যাবে। স্বাগতিক দল বাদে অন্যান্য দলের জন্য এই প্যাকেজের সর্বনিম্ন মূল্য ৬,৭৫০ ডলার (প্রায় ৮,১৮,৯০০ টাকা)।
গুরুত্বপূর্ণ তথ্য:
• টিকেট কেনার পাশাপাশি বিদেশি দর্শকদের জন্য যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে প্রবেশের জন্য প্রয়োজনীয় ভিসা এবং অন্যান্য কাগজপত্র প্রস্তুত রাখতে হবে।
• ফিফা সতর্ক করে বলেছে, একমাত্র ফিফার অফিসিয়াল ওয়েবসাইট থেকেই টিকেট কেনা উচিত। তৃতীয় পক্ষের কোনো ওয়েবসাইট বা অনানুষ্ঠানিক উৎস থেকে টিকেট কিনলে তা অবৈধ হতে পারে।
২০২৬ সালের ফিফা বিশ্বকাপে প্রথমবারের মতো ৪৮টি দল অংশ নেবে এবং মোট ১০৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ফিফা আশা করছে, এই বিশাল আয়োজনে প্রায় ৬৫ লাখ দর্শক মাঠে উপস্থিত থাকবেন।
