সাকিবের নাম লেখা সমস্ত প্ল্যাকার্ড কেড়ে নিয়ে ফেলে দিল বিসিবি

সাকিবের নাম লেখা সমস্ত প্ল্যাকার্ড কেড়ে নিয়ে ফেলে দিল বিসিবি
শেয়ার করুন

বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজে দেখা গেল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চরম বিদ্বেষের চিত্র। খেলা দেখতে আসা সমর্থকরা সাকিব আল হাসানের নামে প্ল্যাকার্ড নিয়ে আসায় তাদের আটকে ফেলে বিসিবির নিরাপত্তা-কর্মীরা। এমনকি মুখে সাকিব ৭৫ লেখায় একজন ভক্তকে ধরে পানি দিয়ে তা মুছে ফেলা হয়।

আওয়ামী লীগের সাংসদ হওয়ায় সাকিবের বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলা দেওয়া হয়েছে। এক বছর ধরে দেশে ফিরতে পারছেন না তিনি। রাজনৈতিক কারণে আছেন দলের বাইরে। তবে বাংলাদেশের ইতিহাসের সফলতম ক্রিকেটারকে সমর্থকদের মন থেকে মুছে ফেলতে পারছে না ইউনূস সরকার।

বৃহস্পতিবার পাকিস্তানের বিপক্ষে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ঘটে অপ্রত্যাশিত ঘটনা। সাকিবের নামে প্ল্যাকার্ড নিয়ে আসা বিপুল পরিমাণ দর্শকদের হাত থেকে প্ল্যাকার্ড কেড়ে নিয়ে ফেলে দেওয়া হয়। একজন দর্শক গালে সাকিবের নাম লিখে এসেছিলেন, গেইটে তাকে আটকে রেখে পানি দিয়ে মুখ ধুয়ে সেই লেখা মুছে ফেলা হয়।

অথচ সাকিব কোন নিষিদ্ধ ক্রিকেটার নন। এমনকি এখনো বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে বিসিবির ছাড়পত্র নিয়েই অংশ নিচ্ছেন তিনি। এই ব্যাপারে ফারজাত আলম নামের এক সমর্থক বলেন, ‘চরম ফ্যাসিবাদী আচরণ করেছে তারা। আমরা তো রাজনীতি করতে যাইনি। সাকিবের ভক্ত হওয়া কি অপরাধ?’

সুমন আহমেদ নামের আরেকজনের বক্তব্য, ‘আমাদের সবার সঙ্গেই বাজে আচরণ করা হয়েছে। আমরা কেন সাকিবের নাম লেখা প্ল্যাকার্ড নিয়ে আসলাম এমন প্রশ্ন করে তারা। তাহলে কি বাংলাদেশের রেকর্ড থেকে সাকিবের নাম মুছে দিতে পারবে? সাকিবের অর্জন মুছে দিলে বাংলাদেশের ক্রিকেটের বাকি থাকবে কি?’

প্ল্যাকার্ড কেড়ে নিয়ে ফেলে দিলেও সমর্থকরা ঠিকই সাকিবের নামে স্লোগান দিয়েছেন। বাংলাদেশের খেলার পুরোটা সময় সাধারণ গ্যালারি, শহীদ মুশতাক গ্যালারি থেকে ‘সাকিব’, ‘সাকিব’ স্লোগান শোনা গেছে।

Visited 14 times, 1 visit(s) today