নিজস্ব প্রতিবেদক
উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের সমাধির জন্য প্রধান উপদেষ্টা ড. ইউনূস যে স্থান নির্ধারণ করে দিয়েছিলেন, তা ঘৃণাভরে প্রত্যাখ্যান করলেন নিহত কোমলমতি শিক্ষার্থীদের অভিভাবক-স্বজনরা।
ইউনূস সরকার নিহতের সংখ্যা ৩২ দাবি করলেও তবে স্কুল কর্তৃপক্ষ ও শিক্ষার্থীদের মতে এ সংখ্যা আরো অনেক বেশি। লাশ গুম করা হয়েছে মর্মে প্রতিবাদ করতে গিয়ে সরকারি পেটোয়া বাহিনীর হামলা-মামলার শিকার হন শিক্ষার্থীরা। ফলে নিহতদের সমাধির জন্য উত্তরা ১২নং সেক্টরের সিটি কর্পোরেশনের যে স্থান নির্ধারণ করে দেন ড. ইউনূস তা প্রত্যাখান করেছেন ভুক্তভোগী অভিভাবকরা। ইউনূস সরকার জানিয়েছিল, পরে এই কবরস্থান স্মৃতিস্তম্ভ হিসেবে সংরক্ষণ করা হবে। সরকারের এই সিদ্ধান্তও মন গলাতে পারেনি নিহতদের স্বজনদের।
ইউনূস সরকারের সিদ্ধান্ত মেনে কেউই ওই নির্ধারিত কবরস্থানে মরদেহ দাফন করেননি। সরকারের প্রতি ক্ষোভ এবং স্কুল কর্তৃপক্ষের অবহেলার কারণে তারা নিজ গ্রামে বা অন্য কোথাও মরদেহ দাফন করেন।
নিহত ছাত্র আবদুল্লাহ মোহাম্মদ শামীমের বড় বোন ফারজানা কণিকা বলেন, আমরা সরকার বা স্কুল কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় কবর দিতে চাইনি। এত বড় দুর্ঘটনা, অথচ সময়মতো খবরটাও পাইনি। স্কুল কর্তৃপক্ষ দায় এড়াতে ব্যস্ত ছিল। আমরা ভাইকে শরীয়তপুরে বাবার কবরের পাশেই কবর দিয়েছি।
তিনি আরও বলেন, আমরা তিন ভাইবোন। ৭ মাস আগে বাবাকে হারিয়েছি। এবার হারালাম আমার ছোট ভাইকে। কেউ পাশে দাঁড়ায়নি। যারা দায়ী, তারা এখনও দায় স্বীকার করেনি। সেই কারণে আমরা সরকারি ব্যবস্থাপনায় কবর দিতে রাজি হইনি।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) অঞ্চল-৬-এর সমাজকল্যাণ কর্মকর্তা মো. জাহিদ হাসান জানান, প্রথমে ১২ নম্বর সেক্টরের কবরস্থানে দাফনের নির্দেশনা আসে, পরে ১৪ নম্বর সেক্টরের কবরস্থানও প্রস্তুত রাখা হয়। আমরা ২০-২২ জনের জন্য প্রস্তুতি নিই, কিন্তু শেষ পর্যন্ত কেউই এখানে দাফন করতে আসেননি।
উত্তরার ১২ নম্বর সেক্টরের নির্ধারিত কবরস্থানে অনেক পুরোনো ও অযত্নে থাকা কিছু কবর পরিষ্কার করে নতুন কবরের জন্য প্রস্তুত করা হয়েছিল। কিন্তু নিহতদের পরিবারের কেউ সেখানে মরদেহ আনেননি।
কবরস্থানের খাদেম মাঈনুদ্দিন বলেন, রাত ১১টা পর্যন্ত আমরা অপেক্ষায় ছিলাম। কোনো লাশ আসেনি। পরে শুনি, সবাই মরদেহ নিয়ে গ্রামে চলে গেছে।
নিহতদের পরিবারগুলোর মতে, দুর্ঘটনার পরপরই শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারের ভূমিকা ছিল অত্যন্ত নিন্দনীয়। উদ্ধারের সময় শিক্ষক ও শিক্ষার্থীদের ওপর নির্যাতন চালিয়েছে সেনাবাহিনী। পরে বিচারের দাবিতে সচিবালয়ে গেলে সেখানেও হামলা করা হয়েছে। মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। দুর্ঘটনার পর উদ্ধার ও চিকিৎসার ক্ষেত্রেও উদাসীনতা ছিল প্রশাসনের।
প্রসঙ্গত, গত ২১শে জুলাই, সোমবার দুপুরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ওপর বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হলে ৩২ জন মারা যান। আহত হন ১৬৫ জন। পরদিন রাষ্ট্রীয় শোক পালিত হয়।
শুরু থেকেই হতাহত নিয়ে সরকার লুকোচুরি করছে বলে শিক্ষার্থীরা প্রতিবাদ করে আসছে। লাশ উদ্ধারে তারাই প্রথম এগিয়ে এসেছিলেন উল্লেখ করে শিক্ষা প্রতিষ্ঠানের যে শিক্ষার্থীরা বিভিন্ন গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছিলেন, তারা কত লাশ বের করে এনেছেন বলে তথ্য দিয়েছিলেন, তাদের ওপর নির্যাতন চালায় সেনাসদস্যরা। এর প্রতিবাদে শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। তারা শিক্ষা সচিব ও শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে ক্যাম্পাসে আইন এবং শিক্ষা উপদেষ্টাকে প্রেসসচিবসহ ৯ ঘন্টা অবরূদ্ধ করে রাখেন। পরে তাদের পেছনের দরজা দিয়ে উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী।
