স্থানীয় সংবাদদাতা
নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক লুৎফর রহমান খোকা হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির শীর্ষ নেতা তারেক রহমান, খালেদা জিয়া এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ঘেরাও করবেন বলে।
নারায়ণগঞ্জের ফতুল্লায় সোনালি সংসদ মাঠে বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ অনুষ্ঠানে তার এই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। নিজের প্রিয় অভিভাবক, প্রিয় নেতার জন্য দলের প্রধানদের ঘেরাও দেওয়ার এমন ঘোষণায় সমালোচনা ছড়িয়ে পড়েছে বিএনপির নেতাকর্মীদের মাঝে।
গত বুধবার লুৎফর রহমান তার বক্তব্যে বলেন, ‘শাহ আলমের (নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী) জন্য আমরা নমিনেশন আনব। প্রয়োজনে আমরা আত্মাহুতি দেব কেন্দ্রীয় অফিসের সামনে। তারেক রহমান, খালেদা জিয়া ও মহাসচিবকে ঘেরাও করব। বিএনপির সর্বোচ্চ মহলকে পরিষ্কার ভাষায় বলতে চাই, ফতুল্লাকে নিয়ে যদি কোনো ষড়যন্ত্র করা হয়, তাহলে কাউকে ছাড়া হবে না।’
তিনি বলেন, এখানে কোনো জোট চলবে না। এই খেলা আর খেলবেন না। ধানের শীষ ছাড়া ফতুল্লায় কিছু চলবে না। ফতুল্লার জনগণের আবেগ, আশা-আকাঙ্ক্ষা নিয়ে ছিনিমিনি খেলবেন না। ফতুল্লার মানুষদের প্রিয় নেতা শাহ আলমকে বাদ দিয়ে এখানে কোনো সিদ্ধান্ত নেওয়া মানেই জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা।
সামাজিক যোগাযোগমাধ্যমে তার এই মন্তব্য ছড়িয়ে পড়লে সমালোচনা শুরু হয়। অনেকেই মন্তব্য করেন এই বার্তা দিয়ে বিএনপির স্থানীয় পর্যায়ে অসন্তোষ এবং কেন্দ্রীয় নেতৃত্বকে না মানার প্রবণতা প্রকাশ পেয়েছে। সেই সঙ্গে পছন্দের প্রার্থীকে মনোনয়ন না দিলে বিদ্রোহী প্রার্থীর পক্ষে দাঁড়িয়ে যেতে পারেন নেতাকর্মীরা সেই বার্তাও পরিষ্কার।
জেলা বিএনপির আহ্বায়ক মামুন মাহমুদ বলেন, এটা কোনো রাজনৈতিক বক্তব্য না। এমন বক্তব্য অনভিপ্রেত। এটা পাগলের প্রলাপ। নেতাকর্মীদের প্রতি আমার পরামর্শ, তারা যেন সংযত ও সতর্ক হয়ে কথাবার্তা বলেন। দলের শীর্ষ নেতাদের নিয়ে এমন কোনো কথা বলা উচিত নয়, যা নিয়ে দলের ভেতর বিতর্ক তৈরি হয়।
এদিকে সমালোচনার মুখে পড়ে এখন কোণঠাসা লুৎফর রহমান খোকা।
মন্তব্যটি সঠিক হয়নি স্বীকার করে তিনি বলেন, এটা স্লিপ অব টাং। নারায়ণগঞ্জ-৪ আসনে ৮০ ভাগ ভোটার বিএনপির। এখানে যদি জোটের অন্য কাউকে দেওয়া হয়, তবে সেটা মানতে পারব না। এটা বোঝাতে গিয়ে বেশি কথা বলে ফেলেছি। দলের প্রতি পূর্ণ আনুগত্য আমার আছে। যা বলে ফেলেছি, সেজন্য দুঃখ প্রকাশ করছি। আশা করছি নেতাকর্মীরা এবং দলের কেন্দ্র বিষয়টি সহজভাবে দেখবেন।
