লর্ডস টেস্টে রোমাঞ্চকর লড়াইয়ে ভারতকে হারালো ইংল্যান্ড

লর্ডস টেস্টে রোমাঞ্চকর লড়াইয়ে ভারতকে হারালো ইংল্যান্ড
শেয়ার করুন

শেষ উইকেট নিয়ে জয়ের জন্য আর ২৩ রান দরকার ছিলো ভারতের। টেল এন্ডারদের নিয়ে দারুণ লড়াই করে অপরাজিত ছিলেন রবীন্দ্র জাদেজা। তবে স্ট্রাইক পাওয়া শেষ ব্যাটার মোহাম্মদ সিরাজ স্পিনার শোয়েব বসিরের বলে টিকতে পারেননি, বল সুন্দরভাবে ঠেকিয়ে দিলেও দুর্ভাগ্যজনকভাবে তা মাটিতে গড়িয়ে ভেঙে দেয় স্টাম্প।

সোমবার লর্ডসে অনুষ্ঠিত সিরিজের তৃতীয় টেস্টে এক অবিশ্বাস্য নাটকীয় লড়াইয়ের পর ইংল্যান্ড ২২ রানে ভারতকে পরাজিত করে রোমাঞ্চকর জয় ছিনিয়ে নিয়েছে।

অসাধারণ অলরাউন্ড পারফরম্যান্সের জন্য ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন। তিনি প্রথম ইনিংসে ৪৪ রান এবং দ্বিতীয় ইনিংসে ৩৩ রান করার পাশাপাশি দুই ইনিংস মিলিয়ে ৫ উইকেট (২/৬৩ ও ৩/৪৮) শিকার করে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

লর্ডসের এই ঐতিহাসিক মাঠে টস জিতে ব্যাটিং নিয়ে জো রুটের সেঞ্চুরিতে ৩৮৭ রান করে ইংল্যান্ড। লোকেশ রাহুলের সেঞ্চুরিতে ঠিক ৩৮৭ রান করে ভারত।

দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ড ১৯২ রানে অলআউট হলে ১৯৩ রানের লক্ষ্য ঠিক হয় ভারতের। এই তুলনামূলক কম লক্ষ্য তাড়া করতে নেমেও ভারত হোঁচট খায়। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে সফরকারীরা।

চতুর্থ দিনে ৫৮ রানে ৪ উইকেট হারানো ভারত পঞ্চম দিন সকালে ১১২ রানে হারায় ৮ উইকেট। নিশ্চিত বড় হারের দিকে থাকা দলকে এরপর টেনে তুলেন জাদেজা। দুই টেল এন্ডারকে নিয়ে ব্যাট করেন ৩৫ ওভারের বেশি।

দলকে জেতার একদম কাছেও নিয়ে যান তিনি। শেষ পর্যন্ত জাদেজা ৬১ রানে অপরাজিত ছিলেন। কাছে গিয়েও না পারার ব্যর্থতায় যন্ত্রণায় পুড়েছেন সিরাজ।

Visited 4 times, 1 visit(s) today